মার্কিন রাষ্ট্রদূতের চোখে জিন্নাহর ভাষা ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঠিক কী ধরনের দৃষ্টিভঙ্গি থেকে ঢাকায় ‘উর্দু কেবল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা’ ঘোষণা দিয়েছিলেন, সে সম্পর্কে পাকিস্তানে নিযুক্ত প্রথম মার্কিন রাষ্ট্রদূত পল এইচ অলিংয়ের একটি মূল্যায়ন জানা গেছে।
১৯৪৮ সালের মার্চে ১০ দিনের এক সফরে পূর্ব পাকিস্তানে এসেছিলেন জিন্নাহ। তখন ঢাকায় মার্কিন কনস্যুলেট ছিল না। জিন্নাহর সফর মূল্যায়ন করে করাচি থেকে মার্কিন রাষ্ট্রদূত অলিং ১৯৪৮ সালের ৩১ মার্চ চিঠি লিখেছিলেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ ক্যাটলেট মার্শালকে।
তিন পৃষ্ঠার ওই চিঠিটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত মার্কিন মহাফেজখানায় রক্ষিত আছে।
মার্কিন রাষ্ট্রদূত লিখেছেন, ‘জিন্নাহ ১৯৪৮ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সভাপতিত্ব করেছিলেন। এ সময় তিনি পুনরায় উর্দুর মতো একই মর্যাদায় বাংলাকে বিকল্প সরকারি ভাষা চালু করার ধারণা বাতিল করেন। মি. জিন্নাহর অবশ্য পূর্ব বাংলার প্রাদেশিক সরকারি ভাষা হিসেবে বাংলা মেনে নিতে আপত্তি নেই। কিন্তু উর্দুর সঙ্গে তাকে একই মর্যাদায় ফেলার চেষ্টায় জিন্নাহ বিরোধিতা করছেন। কারণ, তিনি মনে করেন, উর্দুকে বাংলার সমান্তরাল করার উদ্যোগের সঙ্গে পাকিস্তানের শত্রুদের কৌশলগত দিক রয়েছে।’
রাষ্ট্রদূত উল্লেখ করেন, করাচির সংবাদপত্রমতে তাঁর পুরো সফরের মধ্যে সমাবর্তনের অনুষ্ঠানে একটা বিঘ্ন ঘটাই ছিল একমাত্র অপ্রীতিকর ঘটনা। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা—জিন্নাহর এই ঘোষণার প্রেক্ষাপটে ছাত্রদের একটি ক্ষুদ্রগোষ্ঠী মিলনায়তনের এক প্রান্ত থেকে নানা ধ্বনি উচ্চারণ করেছিল।
জিন্নাহর পূর্ব পাকিস্তান সফর সম্পর্কে ওই মার্কিন চিঠিতে আরও বলা হয়, ২৫ মার্চ চট্টগ্রামে বিমান থেকে নামার পর জিন্নাহ ঢাকার মতোই স্বতঃস্ফূর্তভাবে সংবর্ধিত হন। ঢাকার মতো এক বৃহৎ জনসভায় তিনি বক্তৃতা করেন। এখানে তিনি বলেন, পাকিস্তানকে সামাজিক ন্যায়বিচার এবং ইসলামি সমাজতন্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত হতে হবে, কোনো ইজমের ভিত্তিতে নয়। ভ্রাতৃত্ব, সমতা ও ভ্রাতৃত্ববোধ—এর সবটাই হলো ইসলাম ধর্ম, সংস্কৃতি ও সভ্যতার মৌলিক বিষয়। ২৮ মার্চ গভর্নর জেনারেল ঢাকায় ফিরে এসেছিলেন এবং এদিনই পূর্ব বাংলায় তিনি তাঁর চূড়ান্ত বক্তব্য দেন। জিন্নাহ প্রাদেশিকতাবাদকে আক্রমণ করেন। তাঁর কথায় প্রাদেশিকতাবাদকে দৃশ্যপটে এনেছে ভারতীয় ইউনিয়নের নাগরিকবৃন্দ। ভারতীয় নাগরিকেরা আকস্মিকভাবে পূর্ব বাংলার নিপীড়িত জনতার পাশে দাঁড়াতে উৎসাহ দেখাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে পাকিস্তানকে ধ্বংস করতে তাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে।
পল এইচ অংলি তাঁর চিঠিতে উল্লেখ করেন, গভর্নর জেনারেলের ঢাকায় অবস্থানকালে তাঁর রেসকোর্সে দেওয়া ভাষণটি উল্লেখযোগ্য। এতে এক লাখ অথবা তার বেশি মানুষ একত্র হয়েছিল। খুব সম্ভবত সাম্প্রতিক কালে গঠিত অল পাকিস্তান পিপলস পার্টির দিকে ইঙ্গিত করে তিনি বলেছিলেন, ‘মাশরুম দলগুলো মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তিনি মুসলিম লীগের পতাকাতলে সবাইকে সমবেত হতে আহ্বান জানান।
গভর্নর জেনারেল প্রাদেশিকতাবাদের বিষ সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এবং সব অনুগত নাগরিককে বাঙালি, পাঞ্জাবি, সিন্ধি কিংবা পাঠানের পরিচয় ভুলে যেতে আহ্বান জানান এবং বলেন, পাকিস্তানের শত্রুরা সুপরিকল্পিতভাবে নিজেদের স্বার্থ উদ্ধারে প্রাদেশিকতাবাদের চেতনা উসকে দিচ্ছেন। তিনি সমবেত জনতার উদ্দেশে প্রশ্ন রেখেছিলেন, পাকিস্তানের অভ্যুদয়ে তারা সন্তুষ্ট হয়েছে, নাকি পূর্ব বাংলার ভারতীয় ইউনিয়নের সঙ্গে একীভূত হওয়াকে তারা অগ্রাধিকার দিত। তখন সমবেত জনতা জিন্নাহকে অভিনন্দন জানান, আর প্রতিধ্বনি তোলেন, না না না। এ সময় তিনি পাকিস্তানের জন্য একটি সরকারি ভাষা নির্দিষ্ট করার সমস্যা উল্লেখ করে বলেন, অবশ্যই উর্দুই এককভাবে সরকারি ভাষা হওয়া উচিত। কিন্তু পূর্ব বাংলার মানুষ তাদের প্রদেশের ভাষা কী হবে, সেটা নির্ধারণে সিদ্ধান্তে পৌঁছতে পারে।
গভর্নর জেনারেল নির্দিষ্টভাবে কোনো না কোনো রাজনৈতিক দল দ্বারা ব্যবহার কিংবা অপব্যবহারের শিকার হওয়ার বিষয় ছাত্রদেরকে সতর্ক করে দেন। এবং ছাত্রদেরকে অধ্যয়নে মনোনিবেশ করার পরামর্শ দেন।