মার্কিন রাষ্ট্রদূতের বহরে হামলার তদন্তে অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্শা বার্নিকাট
মার্শা বার্নিকাট

প্রায় সাড়ে চার মাস হলেও মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলাকারীদের ধরতে পারেনি পুলিশ। যদিও তদন্তকারীরা বলছেন, তাঁরা কয়েকজনকে শনাক্ত করেছেন। তবে এখনো পর্যন্ত তাঁরা কাউকে গ্রেপ্তার করতে পারেননি। তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতির কথাও জানা যায়নি।

গত ৪ আগস্ট রাতে রাজধানীর লালমাটিয়া থানা এলাকায় সদ্য বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলা হয়। ওই ঘটনায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়।

পুলিশ সূত্র জানায়, দূতাবাস থেকে পুলিশকে জানানো হয়েছে, গত ৪ আগস্ট রাতে নাগরিক অধিকার সংগঠন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের লালমাটিয়ার বাসায় নৈশভোজে অংশ নেন মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে রাত ১১টার দিকে ফেরার পথে সশস্ত্র একদল মোটরসাইকেল আরোহী রাষ্ট্রদূতের গাড়িতে হামলা চালায়। রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের সদস্যরা হামলাকারীদের মধ্যে দুই ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছেন। হামলার সময় ওই দুই ব্যক্তি চিৎকার করে বলছিলেন, ‘বদিউল আলম সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত।’ হামলাকারীরা গাড়িবহরের দিকে এগোনোর সময় তাদের বাধা দেওয়া হলে রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের দুই সদস্যকে ঘুষি মারে হামলাকারীরা। গাড়িবহর চলে যাওয়ার সময় দুটি গাড়িতে লাঠি দিয়ে আঘাত করে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দীন মীর এই প্রতিবেদককে বলেন, ওই ঘটনায় মার্কিন দূতাবাস যে মামলাটি করেছে, তা এখন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করছে।

মামলার তদন্তকারী কর্তৃপক্ষ ডিবি দক্ষিণের উপকমিশনার মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা তদন্ত করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই হামলার তদন্তের অনুরোধ জানিয়ে মার্কিন দূতাবাস একটি কূটনৈতিক পত্র দেয়। এর আলোকে হামলা নিয়ে তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। তবে চার মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এতে তেমন কোনো অগ্রগতি নেই।

এদিকে সম্প্রতি মোহাম্মদপুর থানা এলাকায় রাজনৈতিক সংঘাতে দুই কিশোর নিহত হওয়ার সূত্র ধরে স্থানীয় কয়েকজন রাজনীতিকের সঙ্গে রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার বিষয়টি নিয়েও কথা হয়। তাঁরা বলছেন, হামলাকারীরা রাজনৈতিক কর্মী। তাঁরা কার কর্মী, সে বিষয়েও ধারণা দিয়েছেন তাঁরা।

এর মধ্যেই মুঠোফোনের একটি খুদে বার্তার কথা জানিয়েছেন রাজনৈতিক কর্মীরা। যেখানে বদিউল আলম মজুমদারের নৈশভোজের খবর আওয়ামী লীগের কয়েকজন নেতাকে দেওয়া হয়েছিল বলে বাজারে তথ্য রয়েছে।

জানতে চাইলে বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘ওই হামলার পর থেকে নানা রকম হুমকিতে আছি। এ জন্য আমি ও আমার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। আমি ঘটনার বিচার চাই। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অপরাধের সঙ্গে যারা যুক্ত, তাদের আইনের আওতায় আনতে হবে।’