মার্কিন সহায়তার আগ্রহ বিষয়ে সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি করা একটি কনটেইনার পণ্যে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা শনাক্ত হওয়ার পর এ বিষয়ে পদক্ষেপ গ্রহণে সহায়তার জন্য একাধিকবার আগ্রহ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর থেকে ই-মেইলের মাধ্যমে দফায় দফায় কাস্টমস, চট্টগ্রাম বন্দর ও পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তাদের সহায়তা দেওয়ার ওই আগ্রহের কথা জানিয়েছিলেন ‘মেগাপোর্টস ইনিশিয়েটিভ’ প্রকল্পের সাসটেইনাবিলিটি ম্যানেজার মাইক টিনকার। এ প্রকল্পে কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
প্রায় পাঁচ মাস আগে চট্টগ্রাম থেকে ভারতে রপ্তানির পথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে এক কনটেইনার পণ্যে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা শনাক্ত হয়। পরে তা চট্টগ্রাম বন্দরে ফেরত পাঠানো হয়। যাওয়ার সময় না হলেও ফেরত আসার পর চট্টগ্রামের পরীক্ষায়ও ওই তেজস্ক্রিয়তা ধরা পড়ে। চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হওয়া কোনো পণ্যে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা ধরা পড়ার ঘটনা এটাই প্রথম। এ নিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গত সোমবার বন্দর ঘুরে দেখা গেছে, পুরোনো লোহার পণ্যভর্তি কনটেইনারটি বন্দরের সিপিআর গেটের পাশে শ্রমিক বিশ্রামাগার ভবনের সামনে অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়েছে। কনটেইনারটির চারপাশে শুধু ফিতা দিয়ে ঘেরাও করা। কোনো সতর্ক চিহ্ন না থাকায় কনটেইনারের আশপাশ দিয়ে লোকজন আসা-যাওয়া করছেন। যদিও পরমাণু শক্তি কমিশন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, উচ্চমাত্রার বিকিরণের সংস্পর্শে প্রাণীদেহের কোষ ধ্বংস হয়। একপর্যায়ে মানবদেহে ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, কনটেইনার পণ্যে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা শনাক্ত হওয়ার পর কয়েক দফায় বন্দর, কাস্টমস ও পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তাদের কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিলেন মাইক টিনকার। পণ্যের তেজস্ক্রিয়তাযুক্ত অংশ যথাযথভাবে উদ্ধার করে তা সংরক্ষণ করার প্রস্তাবও তিনি দিয়েছিলেন। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ দল পাঠানোর বিষয়টিও জানান তিনি।
তবে বাংলাদেশ থেকে এখনো এ বিষয়ে কোনো অনুরোধ জানানো হয়নি। অনুরোধ জানানোর আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ দল আসতে পারবে না বলেও মাইক টিনকার তাঁর ই-মেইলে জানিয়ে দিয়েছিলেন।
এসব বিষয়ে জানতে চাইলে ‘মেগাপোর্টস ইনিশিয়েটিভ’ প্রকল্পের কাস্টমসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার আহমেদুর রেজা চৌধুরী গতকাল বলেন, চট্টগ্রামে করা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরমাণু শক্তি কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে তেজস্ক্রিয়তাযুক্ত পণ্য উদ্ধার করে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য জানানো হয়েছে।
সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কোনো বিপজ্জনক পণ্য যাতে বন্দর দিয়ে যেতে না পারে সে জন্য চট্টগ্রাম বন্দরে স্থাপিত ‘মেগাপোর্টস ইনিশিয়েটিভ’ প্রকল্পের পরিচালন প্রক্রিয়া অনুযায়ী, পণ্যে তেজস্ক্রিয়তা শনাক্ত হলে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার দায়দায়িত্ব পরমাণু শক্তি কমিশনের। তবে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল বলেন, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন হওয়ার পর এখন এ বিষয়ে সিদ্ধান্ত দেবে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সত্যজিত ঘোষ বলেন, প্রথম ধাপে তেজস্ক্রিয়তার মাত্রা পরীক্ষা করা হয়েছে। এখন তেজস্ক্রিয়তাযুক্ত পণ্য উদ্ধার ও সংরক্ষণের বিষয়ে প্রক্রিয়া চলছে। তেজস্ক্রিয়তাযুক্ত পণ্য অপসারণ ও সংরক্ষণে পরমাণু শক্তি কমিশনের সক্ষমতা আছে কি না বা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যেভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে সেটিই আমরা করছি।’
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে বন্দরে কনটেইনারটি ফেলে রাখা উচিত নয়। এর সংস্পর্শে এলে যে কারও ক্ষতি হতে পারে। এটি দ্রুত অপসারণের তাগাদা দেওয়া হবে।