মার্কিন সহায়তার তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব জলবায়ু পরিবর্তনজনিত হুমকি মোকাবিলায় স্বল্পোন্নত দেশগুলোকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র সরকারের ‘সাপোর্ট সার্ভিসেস ফর লো ইমিশন ডেভেলপমেন্ট’ কর্মসূচিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কর্মসূচিতে প্রথম পর্যায়ে বাংলাদেশসহ চারটি দেশকে নির্বাচিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির বাংলাদেশ মিশন-প্রধান ডেনিস রলিন্স বিষয়টি অবহিত করেন।এ কর্মসূচির আওতায় সহায়তার ক্ষেত্রগুলো চিহ্নিত করার জন্য নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ, কৃষি ও পরিবেশ রক্ষা কর্তৃপক্ষের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। সে সময় তারা বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সহায়তার ক্ষেত্রগুলো চিহ্নিত করবে। এ বিষয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সমন্বয় করার জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় মুখ্য ভূমিকা পালন করবে।যুক্তরাষ্ট্রের সাপোর্ট সার্ভিসের প্রথম পর্যায়ে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য প্রতিমন্ত্রী হাছান মাহমুদ ড্যানিস রলিন্স এবং তাঁর মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান।গত জুলাই মাসে ওবামা প্রশাসন ১৮টি দেশকে সহায়তা করার ঘোষণা দিয়েছিল। এর প্রথম পর্যায়ে চারটি দেশের মধ্যে বাংলাদেশকে নির্বাচিত করা হলো। এই কর্মসূচির আওতায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টেকসই আর্থিক উন্নয়ন, পরিবেশসংক্রান্ত আইনের উন্নয়ন, ভূমি উদ্ধার ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠাগুলোর পুনর্গঠন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিজনিত অভিযোজন-ক্ষমতা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে। বিজ্ঞপ্তি।