লে. কর্নেল এম এ তাহেরের গোপন বিচার সম্পর্কে বক্তব্য দিতে মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ বাংলাদেশে আসতে পারেন। আগামী দুই সপ্তাহের মধ্যে তাঁর ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে তাহেরের গোপন বিচার-সংক্রান্ত রিট চূড়ান্ত শুনানির জন্য রয়েছে। গতকাল সোমবার লিফশুলজের বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে। যোগাযোগ করা হলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, লরেন্স লিফশুলজের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি দুই সপ্তাহের মধ্যে ঢাকায় আসতে পারেন বলে জানিয়েছেন। এ বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে। আজ এ-সংক্রান্ত রিটের ওপর চূড়ান্ত শুনানি হওয়ার কথা। জানা যায়, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার তাহেরসহ ১৭ জনকে বিশেষ সামরিক ট্রাইব্যুনালের গোপন বিচারে ১৯৭৬ সালের ১৭ জুলাই সাজা দেওয়া হয়। এরপর ২১ জুলাই ভোররাতে তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। ১৯৭৬ সালে তাহেরসহ অন্য ব্যক্তিদের গোপন বিচার চলাকালে মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজকে দেশ থেকে বহিষ্কার করা হয়। তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তাঁর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত বছরের আগস্টে হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৩ আগস্ট তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই আদালত তাহেরের সঙ্গে গোপন বিচারের মুখোমুখি অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন, হাবিলদার আবদুল হাই মজুমদার, করপোরাল শামসুল হক ও আবদুল মজিদের গোপন বিচার নিয়ে গত ১ ফেব্রুয়ারি রুল জারি করেন। এর আগে গত ২৫ জানুয়ারি জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সহসভাপতি রবিউল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতেও গোপন বিচার ও দণ্ড প্রশ্নে রুল জারি করেন আদালত।তাহেরের গোপন বিচারের বৈধতা প্রশ্নে রিটের চূড়ান্ত শুনানিকালে গত ২০ জানুয়ারি হাইকোর্ট এ সম্পর্কে বক্তব্য দিতে মার্কিন সাংবাদিক লিফশুলজকে অনুরোধ জানান। এ বিষয়ে রাষ্ট্রপক্ষ ও পররাষ্ট্রসচিবকে যোগাযোগ করতে বলা হয়। এ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এরই ধারাবাহিকতায় লরেন্স লিফশুলজ ই-মেইলে রাষ্ট্রপক্ষের বরাবর তাঁর বক্তব্য পাঠান। গত ৩ ফেব্রুয়ারি ওই বক্তব্য আদালতে তুলে ধরা হয়। লিফশুলজের ওই বক্তব্যে বলা হয়, ‘মেজর জেনারেল মঞ্জুর নিশ্চিতভাবে জানতেন, কথিত ওই বিচার শুরু হওয়ার আগেই জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন তাহেরকে ফাঁসি দেওয়া হবে। ওই সময় জিয়ার ঘনিষ্ঠ ছিলেন এমন দুজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাও এ বিষয়ে আমাকে নিশ্চিত করেছেন।’