মার্কিন সিনেট কমিটিতে বাংলাদেশ নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। গতকাল বুধবার মার্কিন সিনেটের ওই কমিটিতে গৃহীত প্রস্তাবে (যার নম্বর এসআরইএস ৩১৮) অবাধ, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কার্যকর সরাসরি সংলাপে বসার জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সিনেটের ওই কমিটির গৃহীত প্রস্তাবে বাংলাদেশ সরকারকে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মানবাধিকার কর্মীদের হয়রানি না করা এবং গ্রামীণ ব্যাংকের স্বতন্ত্র অবস্থা পুনঃস্থাপনে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইলিনয় থেকে নির্বাচিত প্রভাবশালী ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিন বাংলাদেশ প্রসঙ্গে আলোচনার এ প্রস্তাব উপস্থাপন করেন। তাঁর এ প্রস্তাব সমর্থন (কো-স্পনসর) করেছেন আরও চারজন সিনেটর। নিউ জার্সি থেকে নির্বাচিত সিনেটর রবার্ট মানান্দেজের সভাপতিত্বে বাংলাদেশ-সংক্রান্ত এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

ছয় দফা প্রস্তাবে বাংলাদেশে ক্রমাগত রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশের সামনে গুরুত্বপূর্ণ বহু চ্যালেঞ্জ মোকাবিলা বাধাগ্রস্ত হচ্ছে বলে মার্কিন আইনপ্রণেতারা উদ্বেগ প্রকাশ করেন। প্রস্তাবে রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রতিবাদ জানানোর সুযোগ সৃষ্টি করার জন্য আহ্বান জানানো হয়। প্রস্তাবে আসন্ন নির্বাচনে পর্যবেক্ষকদের উপস্থিতি এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।

মার্কিন সিনেট কমিটিতে গৃহীত প্রস্তাবে জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর মধ্যস্থতায় বিবদমান রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে চলমান সংলাপকে সমর্থন জানানো হয়েছে।