মার্কিনিদের করের অর্থে সুন্দরবন ধ্বংস নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের জনগণের করের টাকা যাতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ধ্বংসের কাজে বিনিয়োগ না করা হয়, সে জন্য দেড় লাখ মার্কিন নাগরিক সে দেশের মার্কিন এক্সিম ব্যাংকের কাছে আবেদন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক আটটি পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে গত মঙ্গলবার এই আবেদন ব্যাংকের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশের সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশের প্রবাসী পরিবেশবাদীদের সংগঠন বেন ও যুক্তরাষ্ট্রভিত্তিক এশীয় বংশোদ্ভূতদের সংগঠন কমিউনিটি গ্রুপের পক্ষ থেকেও এক্সিম ব্যাংকের কাছে পরিবেশবাদীদের দেওয়া ওই দাবির প্রতি সমর্থন জানানো হয়েছে।
বিশ্বের শীর্ষস্থানীয় পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব দ্য আর্থ-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সংগঠনগুলো থেকে ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন বিশ্বের অন্যতম বিলুপ্তপ্রায় বেঙ্গল টাইগার ও ডলফিনের সবচেয়ে বড় আশ্রয়স্থল। যুক্তরাষ্ট্রের জনগণের করের টাকায় পরিচালিত এই ব্যাংকের অর্থায়নে এই প্রাণী ও বন ধ্বংসের কাজে লাগানো যাবে না।
এক্সিম ব্যাংকের কাছে পাঠানো ওই আবেদনে স্বাক্ষরকারীদের মধ্যে আছে ফ্রেন্ডস অব দ্য আর্থ, সিয়েরা ক্লাব, রেইন ফরেস্ট অ্যাকশন নেটওয়ার্ক, সেন্টার ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, ইকো সিল্ক, ব্রাউন অ্যান্ড গ্রিন, সাউথ এশিয়ান আমেরিকান ফর ক্লাইমেট জাস্টিস, এনভায়রনমেন্টাল মুভমেন্ট আটলান্টা, ওয়াটার কিপার অ্যালায়েন্স, গ্রিনপিস ইউএস, সাসটেইন আস, ওয়াইল্ড আর্থ গার্ডিয়ান ও ব্যাংক ইনফরমেশন সেন্টার।
এ ব্যাপারে ফ্রেন্ডস অব দ্য আর্থ ইউএসের অর্থনৈতিক ন্যায়বিচার বিভাগের পরিচালক জেনি বক বলেন, ‘যুক্তরাষ্ট্রের দেড় লাখ নাগরিক ইতিমধ্যে তাদের করের টাকায় পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন ধ্বংসের আয়োজনের বিপক্ষে মত দিয়েছেন। আমরা মনে করছি, যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মানুষের মতামতকে আমরা প্রতিনিধিত্ব করছি। ফলে যুক্তরাষ্ট্র সরকারের এই দাবির প্রতি সম্মান দেখানো উচিত।’
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সভাপতি সুলতানা কামাল বলেন, ‘সুন্দরবন শুধু বাংলাদেশ ও ভারতের নয়, এটি পৃথিবীর সম্পদ। আমরা চাইলেও আরেকটি সুন্দরবন গড়ে তুলতে পারব না।’