মার্কেট উদ্বোধনে যাননি সুরঞ্জিত
সুনামগঞ্জের দিরাই পৌরসভার থানা রোডে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের মালিকানাধীন চারতলাবিশিষ্ট ‘সেন মার্কেটের’ উদ্বোধন হয় গতকাল শুক্রবার। তবে উদ্বোধনী অনুষ্ঠানে আসেননি রেলমন্ত্রী।আমন্ত্রণপত্র অনুযায়ী, অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা উপজেলা) আসনের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। নিজ নামের মার্কেটটি উদ্বোধনও করার কথা ছিল তাঁর। সুরঞ্জিত সেনগুপ্ত না আসায় দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন গতকাল সকালে সেন মার্কেটের উদ্বোধন করেন। তবে এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।ব্যবসায়ী মতিউর রহমানের অভিযোগ, দিরাইয়ে এত বড় একটি মার্কেটের উদ্বোধন করা হলেও তাঁদের দাওয়াত দেওয়া হয়নি। তিনি বলেন, ‘শুনলাম দাদার (সুরঞ্জিত সেনগুপ্ত) এপিএস নাকি তাঁর বাসায় ৭০ লাখ টাকা নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছেন। এই কারণে দাদা নিজের মার্কেট উদ্বোধন করতে আসেননি।’এদিকে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ অনেক বড় দল। কোনো ব্যক্তির কারণে আওয়ামী লীগের ক্ষতি হোক, আমরা তা চাই না।’ তিনি অভিযোগ করেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত শুধু ঢাকাতেই নয়, এলাকায় তাঁর নিজস্ব লোক দিয়ে বিভিন্ন প্রকল্পের নামে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন। আমরা বারবার এর প্রতিবাদ করেছি।’একই রকম অভিযোগ করেছেন দিরাই-শাল্লার সাবেক সাংসদ ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত সারা জীবন শুধু অবৈধ সম্পত্তি অর্জন করছেন। নামে-বেনামে দিরাই-শাল্লায় শত শত কোটি টাকার সম্পত্তি জবরদখল করে আছেন। এখন মন্ত্রী হয়েও তিনি টাকার লোভ সামলাতে পারেননি। আজ (শুক্রবার) যে মার্কেট উদ্বোধন করা হলো এটাও তাঁর নিজের সম্পত্তি নয়।’তবে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ষড়যন্ত্রের শিকার বলে মনে করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান। তিনি বলেন, ‘সাম্র্রাজ্যবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়াই তাঁর জন্য (সুরঞ্জিত সেনগুপ্ত) কাল হয়ে দাঁড়িয়েছে।’এসব ব্যাপারে বক্তব্য জানতে গতকাল রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের মুঠোফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া গেছে। সেন মার্কেটের উদ্বোধক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ওনার (সুরঞ্জিন সেনগুপ্ত) ঢাকায় অনেক প্রোগ্রাম আছে।’ এই বলে তিনি ফোন রেখে দেন।