মার্কেট উদ্বোধনের আড়ালে নির্বাচনী প্রচারণা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারী আওয়ামী লীগের নেতা মো. আজমত উল্লা খান বিপণিবিতান (মার্কেট) উদ্বোধনের আড়ালে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীর মোল্লাবাড়ি সড়কে কয়েক হাজার লোকসমাগমের মাধ্যমে ফাতেমা বিজনেস কমপ্লেক্স ও নাজিম মোল্লা বিজনেস কমপ্লেক্স নামের দুটি মার্কেট উদ্বোধন করেন আজমত উল্লা খান। উদ্বোধনের ফলকে গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের সাংসদ মো. জাহিদ আহসান রাসেলের নামও রয়েছে।

উদ্বোধনের পর আলোচনা সভায় আজমত উল্লা নিজেকে সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী হিসেবে পরিচয় দিয়ে সবার দোয়া চান। আলোচনা সভায় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা মেয়র পদে আজমত উল্লাকে ভোট দিয়ে নির্বাচিত করার অনুরোধ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত লোকজনের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, বর্তমানে তিনি (আজমত উল্লা খান) মেয়র পদপ্রার্থী। নামফলক স্থাপনের মাধ্যমে মার্কেট উদ্বোধন আচরণবিধির লঙ্ঘন। কয়েক হাজার লোকের সমাগম হলে সেখানে নির্বাচনের কথা হতে পারে।

বক্তব্য জানতে আজমত উল্লার মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তিনি ধরেননি। যোগাযোগ করা হলে মার্কেট উদ্বোধন অনুষ্ঠানের আয়োজক টঙ্গী থানা যুবলীগের সদস্য মো. বিল্লাল হোসেন মোল্লা বলেন, ‘এতে আচরণবিধি লঙ্ঘনের কী আছে। মার্কেট উদ্বোধনে আমাদের নেতাকে দাওয়াত দেব, এটাই স্বাভাবিক। এ বিষয়ে কিছু লিখবেন না। লিখলে সমস্যা আছে।’