মার্কেট দখল নিয়ে আ.লীগ যুবলীগ মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়ার ওয়াজ উদ্দিন পুল জামে মসজিদের সামনের মার্কেট দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। মসজিদ কমিটির পক্ষে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের একজন নেতা। আর মার্কেটের মালিক দাবিদারের পক্ষে অবস্থান নিয়েছেন যুবলীগের এক নেতা। এ ঘটনায় থানায় দুই পক্ষের লোকজনের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা হয়। এ নিয়ে গতকাল রোববার ওয়াজ উদ্দিন পোল এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি প্রতিবাদ সভা করে। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ওয়াজ উদ্দিন পুলসংলগ্ন জামে মসজিদের সামনের মার্কেটের পাঁচটি দোকান মসজিদের মালিকানায় রয়েছে। দোকানের আয় দিয়ে মসজিদ রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করা হয়। কয়েক মাস আগে ওই এলাকার মো. শাহীন মসজিদের সামনের দোকানগুলোর মালিকানা দাবি করেন। এ নিয়ে তাঁর পক্ষে অবস্থান নেন উপজেলা যুবলীগের সদস্য আরিফ হোসেন। অন্যদিকে মসজিদ পরিচালনা কমিটির পক্ষে অবস্থান নেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান কামাল। এ নিয়ে শাহীনের শাশুড়ি ছকিনা খাতুন লক্ষ্মীপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে শাহজাহান কামালসহ ২০ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য রায়পুর থানায় পাঠান। আর মসজিদের মার্কেট দখলের পাঁয়তারার অভিযোগে মসজিদ কমিটির সদস্য শাহজাহান খলিফা বাদী হয়ে থানায় শাহীনসহ ছয়জনকে আসামি করে মামলা করে। এ মামলায় পুলিশ শাহীনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। আওয়ামী লীগের নেতা শাহজাহান কামালের পক্ষে লামচরী আর. এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সভা হয়। এতে বক্তৃতা করেন জামসেদ কবির বাকি বিল্লাহ, কাজী গুলজার হোসেন, আবু ইউসুফ জালাল, তাফাজ্জল হেসেন প্রমুখ। যুবলীগের নেতা আরিফের আহ্বানে পাল্টা প্রতিবাদ সভায় বক্তব্য দেন রহমান খান, মো. সোহাগ, জসিম মোল্লা, মারুফ বিন জাকারিয়া, টুটুল মৃধা প্রমুখ। আরিফ হোসেন বলেন, ‘মসজিদের মার্কেটসহ সাড়ে ৩ শতাংশ জমির মালিক শাহীনেরা। আওয়ামী লীগের নেতা শাহজাহান কামালের প্ররোচনায় একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে মার্কেটটি দখল করে আছে। তারা উল্টো শাহীন, আমার বৃদ্ধ বাবা ও আমার নামসহ যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়।’শাহজাহান কামাল বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর। এটা কারও ব্যক্তিগত সম্পদ নয়। এখানে যদি কেউ জমি পায়, সঠিক কাগজপত্র দেখিয়ে তা প্রমাণ করতে হবে। কিন্তু সন্ত্রাসী কায়দায় শাহীন-আরিফেরা আইনকে তোয়াক্কা না করে মার্কেটে তালা মেরে দখলের চেষ্টা করে। উল্টো আমাকেসহ মসজিদ কমিটির লোকজনের নামে তারা মামলা দেয়।’রায়পুর থানার এসআই আবুল বাশার বলেন, ‘দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’