মার্কেট নির্মাণে ডিসিসি নকশা অনুমোদন নিয়েছে কি না জানতে চায় সংসদীয় কমিটি
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) বিভিন্ন স্থানে মার্কেট নির্মাণের ক্ষেত্রে রাজউক থেকে নকশা অনুমোদন নিয়েছে কি না, তা জানতে চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির সভায় এটি জানতে চাওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রহমত আলী। প্রায় তিন ঘণ্টা স্থায়ী সভায় রাজধানীর যানজট পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। রাজধানীতে গণপরিবহন আমদানিকে উৎসাহিত করতে এ ধরনের গাড়ি আমদানি ও নিবন্ধন-ব্যয় কমানোর জন্য সভায় সুপারিশ করা হয়। পবিত্র ঈদুল ফিতরের আগের রাত ও ঈদের দিন ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সভায় বলা হয়, সরকারকে এখনই এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে হবে।সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির, নূর-ই-আলম চৌধুরী, আবুল খায়ের ভূঁইয়া, মনোয়ার হোসেন চৌধুরী, আশরাফ আলী খান, মোস্তফা জালাল মহিউদ্দিন, বেগম আশরাফুন্নেসা মোশারফ প্রমুখ যোগ দেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ডিসিসি, বিআরটিএ এবং পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।সভাসূত্র জানায়, সভায় বলা হয়, ঢাকায় সব ভবন নির্মাণের ক্ষেত্রে নকশা রাজউক থেকে অনুমোদন করার বিধান রয়েছে। কিন্তু ডিসিসির নির্মিত মার্কেটের ক্ষেত্রে তা করা হয়েছে কি না বা এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়েছে কি না, তা সভায় জানতে চাওয়া হয়। এ ছাড়া ডিসিসির নির্মিত মার্কেটগুলোতে দোকান বরাদ্দ, নির্মিত দোকানের ২৫ শতাংশ মেয়রের জন্য সংরক্ষণের বৈধতা, এসব বরাদ্দের ক্ষেত্রে কী প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এবং ঢাকার বিভিন্ন স্থানে কমিউনিটি সেন্টার নির্মাণ ও এর আয়-ব্যয়ের হিসাব নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে বিস্তারিত তথ্য আগামী সভায় উপস্থাপনের জন্য কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, কমিটি এ মাসে সরেজমিনে এসব মার্কেট পরিদর্শন করবে।সভায় ঢাকা শহরের যানজট নিরসনে গৃহীত ব্যবস্থা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডিসিসি, রাজউক, বিআরটিএ এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দপ্তর থেকে এ ব্যাপারে লিখিত সুপারিশমালা কমিটির আগামী সভায় উপস্থাপনের সুপারিশ করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, ওই সভায় এসব সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা করে একটি সমন্বিত সুপারিশমালা তৈরি করা হবে। পরে এসব সুপারিশ প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে।সভায় ঢাকা ওয়াসা কর্তৃক ঢাকা শহরের পয়োনিষ্কাশন ব্যবস্থাপনার ওপর প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং বর্ষা মৌসুমে রাজপথ খোঁড়াখুঁড়ির ক্ষেত্রে সতর্কতা অবলম্বনে পদক্ষেপ নিতে ওয়াসাকে নির্দেশনা দেওয়া হয়।