মার্কেটের এক-দশমাংশ নির্মাণেই ১২ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ১ নম্বরের হজরত শাহ আলী (র.) মার্কেটের সম্পূর্ণ নির্মাণকাজ ১২ বছরেও শেষ করতে পারেনি ঢাকা উত্তর সিটি করপোরেশন। দোকান বরাদ্দ বাবদ আদায় করা প্রায় ৫৯ কোটি টাকা পড়ে আছে সিটি করপোরেশনের কাছে। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দায়িত্বহীনতায় ভোগান্তিতে পড়েছে টাকা জমা দেওয়া তিন হাজারের বেশি পরিবার।

গত ১২ বছরে মার্কেটের সাড়ে তিন হাজার দোকানের মধ্যে ২৯৬টি দোকানের নির্মাণ শেষ হয়েছে, যা মোট দোকানসংখ্যার এক-দশমাংশের কম। ১৩৮ দশমিক ৬৩ কাঠা জায়গার ওপরে ১০ তলা মার্কেট ভবন নির্মাণের কথা থাকলেও ভবনের এক পাশের চারতলা পর্যন্ত নির্মিত হয়েছে। গত ২৯ অক্টোবর এই ২৯৬টি দোকান ক্ষতিগ্রস্ত পুরোনো দোকানিদের কাছে হস্তান্তর করা হয়। বাকি দোকান কবে নির্মিত হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি সিটি করপোরেশনের কর্মকর্তারা।

ডিএনসিসি সূত্রে জানা যায়, আশির দশকে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট প্রক্রিয়ায় মিরপুর ১ নম্বর এলাকায় ২৪৬টি দোকানসহ শাহ আলী (র.) মার্কেটটি সিটি করপোরেশনে হস্তান্তর করা হয়। ২০০৪ সালে মার্কেটের পুরোনো ভবনের সামনের অংশ ভেঙে নতুন নকশা অনুযায়ী ভবন নির্মাণের কাজ শুরু হয়। তখন নতুন ভবনটির ছয়তলার নকশা করা হয়। ২০১২ সালে নকশায় পরিবর্তন এনে ১০ তলা মার্কেট ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়। এতে মোট দোকান হবে ৩ হাজার ৪৩৫টি।

২০০৪ সালে অবিভক্ত সিটি করপোরেশন দোকান বরাদ্দে একটি কমিটি করে পুরোনো মার্কেটে ব্যবসারত ব্যবসায়ীদের তালিকা যাচাই করে। কমিটি তালিকা যাচাই-বাছাই করে ১৭টি সমিতির সদস্যদের মধ্যে দোকান বরাদ্দের সুপারিশ করে। এসব সমিতির সদস্যদের মধ্যে ৩ হাজার ৫৪টি দোকান বরাদ্দ হবে। এর বাইরে পুরোনো ক্ষতিগ্রস্তদের অনুকূলে ২৪৬টি, মুক্তিযোদ্ধা সমিতি ১০০টি এবং মেয়র কোটায় ৩৫টি দোকান বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়।

দোকান বরাদ্দের জন্য সালামি বাবদ অবিভক্ত সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ ৩২ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার টাকা আদায় করে। পরে ডিএনসিসি কয়েক কিস্তিতে আদায় করে ২৬ কোটি ৬ লাখ টাকা।

কমিটির সুপারিশ অনুযায়ী মিরপুর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা ৭০০টি দোকান পাবেন। সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, দোকানদারেরা সালামি বাবদ বাকি টাকা দিয়ে দেবেন; তা–ও তাঁরা চান, মার্কেটের কাজ দ্রুত হোক। সিটি করপোরেশনের লোকজনের সঙ্গে কথা হয়েছে। তাঁরা বলছেন, মার্কেটের বাকি অংশ দ্রুত নির্মাণ করা হবে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, মার্কেটের একটি অংশে চারতলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। ভবনের নির্ধারিত জায়গার বাকি অংশে এখনো একটি একতলা জরাজীর্ণ মার্কেট আছে। গত ২৯ অক্টোবর নতুন হওয়া আংশিক মার্কেট ভবনটির উদ্বোধন করেছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।

ডিএনসিসির প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, ভবনটির চারতলায় মোট দোকান নির্মিত হয়েছে ২৯৬টি। নিচতলায় ৬৭টি, দ্বিতীয় তলায় ৭২টি, তৃতীয় তলায় ৭৭টি এবং চতুর্থ তলায় ৮০টি দোকান নির্মাণ করা হয়েছে।

মার্কেটের বাকি তিন হাজারের বেশি দোকান কবে নাগাদ নির্মিত হবে, এমন প্রশ্নের জবাবে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রথম পর্বের চুক্তি অনুযায়ী ১০ তলার ফাউন্ডেশনসহ চারতলা নির্মাণ শেষ হয়েছে। বাকি অংশ নির্মাণের জন্য নতুন করে পরামর্শক নিয়োগ করতে হবে। পরামর্শক নিয়োগ করে দ্রুতই বাকি অংশের নির্মাণকাজ শুরু করা হবে।