মার্কেন্টাইল ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদে গতকাল বুধবার একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংকটির ব্যবস্থাপনায় সুশাসনের অভাব দেখা দিয়েছে, যা আর্থিক ভিত্তি সুদৃঢ় করা এবং আমানতকারীদের আস্থা বজায় রাখার ক্ষেত্রে অন্তরায়। এ নিয়ে এক মাসের মধ্যে দুটি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হলো। 
মার্কেন্টাইল ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মাসুদ বিশ্বাস। তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব বৈঠক ছাড়াও নির্বাহী এবং অডিট কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন। তিনি আলোচ্য বিষয়ের ওপর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মতামত ও বক্তব্য রাখবেন। পর্যবেক্ষককে দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতা করতে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যানকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পর্যবেক্ষকের দায়িত্ব পালনের সুবিধার্থে প্রতিটি পর্ষদ বৈঠকের অন্তত তিন কার্যদিবস আগে প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈঠকে উত্থাপিত সব এজেন্ডা তাঁকে পাঠাতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ও সাংসদ মোর্শেদ আলমের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সরেজমিনে পরিদর্শনে ব্যাংকটির ব্যবস্থাপনায় সুশাসনের অভাব পরিলক্ষিত হয়েছে। যা আর্থিক ভিত্তি সুদৃঢ় করা এবং আমানতকারীদের আস্থা বজায় রাখার ক্ষেত্রে অন্তরায়। এ ছাড়া আর্থিক সূচকগুলোর ক্রমাবনতি এবং ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন দিকেও উদ্বেগজনক দুর্বলতা পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ অবস্থা ঠেকাতে ব্যাংকটির নিবিড় তত্ত্বাবধান ও তদারকি করার উদ্দেশ্যে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর (২০১৩ পর্যন্ত সংশোধিত) ৪৯ ধারার ১ উপধারার ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে।
মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান দেশে না থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি। তবে ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পর্যবেক্ষক নিয়োগের চিঠি পেয়ে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বলে জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক নিশ্চয় ব্যাংকটির আর্থিক অবস্থা আরও ভালো করতেই পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। আমরা পর্যবেক্ষককে সর্বাত্মক সহযোগিতা করব।’
সূত্র জানায়, এর আগে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের এক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল সরাসরি হাজির হয়ে তিনজন বহিরাগত আবিষ্কার করে গত বছর। এ নিয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদকে সতর্ক করে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের এক পরিদর্শনে ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম আমানুল্লাহর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে দুই কোটি টাকার সিএসআর (সামাজিক দায়বদ্ধতা) নেওয়ার তথ্য আবিষ্কার করে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, এর আগে গত ৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের জিএম কাজী ছাইদুর রহমানকে ন্যাশনাল ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়। দেশের ৫৬টি ব্যাংকের মধ্যে এ নিয়ে ছয়টি ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক দেওয়া হয়েছে। বাকি ব্যাংকগুলো হলো—রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক, বেসরকারি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক এবং ওরিয়েন্টাল ব্যাংক থেকে পুনর্গঠিত আইসিবি ইসলামী ব্যাংক।