একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আগামী মার্চে আরেকটি ট্রাইব্যুনাল কাজ শুরু করতে পারবেন বলে আশা করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।গতকাল রোববার পুরোনো হাইকোর্ট ভবন পরিদর্শন শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।বিকেল চারটার দিকে শফিক আহমেদ পুরোনো হাইকোর্ট ভবনে যান। দোতলা এই ভবনের পূর্ব দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়। আর পশ্চিম দিকে আইন কমিশনের কার্যালয় সম্প্রতি বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে স্থানান্তর করা হয়েছে। আইনমন্ত্রী আইন কমিশন কার্যালয়ের ছেড়ে দেওয়া স্থান পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে এখানে আরেকটি ট্রাইব্যুনাল স্থাপনের প্রস্তুতি নেওয়া হবে। আরও নয়টি ট্রাইব্যুনাল গঠনের দাবি: সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করার জন্য আরও নয়টি ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।