মার্চ থেকে ঢাকায় পুরোনো বাস চলতে দেবে না ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, সিটি করপোরেশন এলাকায় আগামী মার্চ থেকে ২০ বছরের পুরোনো কোনো বাস চলতে দেওয়া হবে না। রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে ডিএসসিসির মেয়র এ কথা বলেন। তিনি বলেন, বিআরটিএ আইন অনুযায়ী কোনো চালকের ন্যূনতম শিক্ষা না থাকলে তাঁকেও আইনের আওতায় আনা হবে। এ জন্য বিআরটিএ, ডিএসসিসি, ডিএমপি ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযানে নামবে।
সাঈদ খোকন বলেন, ‘যানজট ঢাকার দুঃখ। যানজটে পড়ে অনেক রোগীর রাস্তায় মৃত্যু হয়েছে, শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি, সড়কে গর্ভপাত হয়েছে। তাই রাজধানীর যানজট নিরসনে বাসগুলোকে সুষ্ঠু কাঠামো ও নিয়ন্ত্রণে আনতে হবে। ইতিমধ্যে নগরীর ফুটপাত হকারমুক্ত করা হয়েছে। কিন্তু এর বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করছে। সব ষড়যন্ত্র উপেক্ষা করে ফুটপাত জনগণকে বুঝিয়ে দিয়েছি।’ সড়কে পার্কিং প্রসঙ্গে তিনি বলেন, যত্রতত্র সড়কে পার্কিং করায় যানজট অনেক দূর চলে যায়। এর অন্যতম কারণ কাণ্ডজ্ঞানহীন চালক। বিআরটিএ আইন অনুযায়ী ন্যূনতম শিক্ষা ছাড়া চালকদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
মেয়র বলেন, মতিঝিলে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফ বাস সড়কের পাশে পার্কিং করে। আজিমপুর ও পুরান ঢাকারও একই অবস্থা। এসব এলাকায় পার্কিং নিষিদ্ধ করে দেওয়া হবে। এই বাসগুলো যাত্রী নামিয়ে সিটি করপোরেশনের নির্ধারিত একটি স্থানে গিয়ে পার্কিং করবে। এই স্থানগুলো হচ্ছে—মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনের খালি জায়গা ও সাদেক হোসেন খোকা বালুর মাঠ। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বিআরটিএ, ডিএমপির ট্রাফিক বিভাগ, জেলা প্রশাসন ও সিটি করপোরেশন যৌথভাবে কাজ করবে।
উল্লেখ্য, রাজধানীতে ছয় হাজারের বেশি পরিবহন বাস রয়েছে। এসব বাসের বড় অংশ ২০ বছরের পুরোনো। এর আগেও সরকার এসব বাস সড়ক থেকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তা সফল হয়নি। পরিবহন মালিক-শ্রমিকের দাপটে আবার পুরোনো অবস্থা ফিরে আসে।