মার্চ থেকে দিনে ফুটপাতে থাকবে না হকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথচারীদের চলাচল নিরাপদ এবং যানজট নিয়ন্ত্রণে আনতে চট্টগ্রাম নগরেও দিনের বেলায় রাস্তা ও ফুটপাতে হকারদের বসতে না দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সিটি করপোরেশন। কর্মদিবসগুলোতে অফিস ছুটি শেষে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ফুটপাতে বসতে পারবেন হকাররা। তাঁদের পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়ার কথাও ভাবছে সিটি করপোরেশন।

আগামী ১ ফেব্রুয়ারি বিভিন্ন হকার সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। হকারদের এক মাস সময় দিয়ে আগামী মার্চ মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করতে চান মেয়র।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আগে ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন আ জ ম নাছির উদ্দীন। এর মধ্যে নিরাপদ ফুটপাতের প্রতিশ্রুতি ছিল। সিটি করপোরেশন সূত্র জানায়, নগরে তিনটি নিবন্ধিত হকার সংগঠনের আওতায় প্রায় ১০ হাজার হকার রয়েছেন। অনিবন্ধিত হকারের সংখ্যা আরও ২০ হাজার। কোনো হকারকে উচ্ছেদ না করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে।

সিটি করপোরেশনের এ সিদ্ধান্তের বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, হকাররা সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ব্যবসা করলে দিনের বেলায় নগরের যানজট সহনীয় পর্যায়ে চলে আসবে। পথচারীদের হাঁটাচলায় বাধা সৃষ্টি হবে না। এ সিদ্ধান্ত কার্যকর করতে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে।

দেবদাস ভট্টাচার্য বলেন, ফুটপাত থেকে দিনের বেলায় হকার সরিয়ে দেওয়া হলে রাস্তার পাশের দোকানিরা যাতে ফুটপাত দখলে নিতে না পারেন, সেটাও নিশ্চিত করতে হবে। তা না হলে উন্মুক্ত ফুটপাতের সুবিধা নগরবাসী পাবে না।

সিটি করপোরেশন সূত্র জানায়, নতুন নীতিমালায় হকাররা কেবল নির্দিষ্ট জায়গায় ব্যবসা করতে পারবেন। এ জন্য হকারদের একটি বিশেষ নম্বর ও আইডি কার্ড দেওয়া হবে। তখন কোনো হকার নির্দিষ্ট এলাকার বাইরে দোকান (ভ্রাম্যমাণ) বসাতে পারবেন না। কেউ হকারদের কাছ থেকে চাঁদা তুলতে পারবেন না। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিটি করপোরেশন সূত্র জানায়, দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে তৎকালীন মন্ত্রী জহুর আহমেদ চৌধুরী নিউমার্কেট-সংলগ্ন একটি জায়গায় হকারদের ব্যবসা করার সুযোগ করে দেন। বর্তমানে সেটি জহুর হকার্স মার্কেট নামে পরিচিত। চট্টগ্রাম নগর ও আশপাশের লোকজন কম খরচে এই মার্কেটে কেনাকাটা করতে পারে। কিন্তু মার্কেটের দুই দিকে আরও কয়েক হাজার হকার ফুটপাত দখল করে ব্যবসা করছেন। এ কারণে নিউমার্কেট ও হকার্স মার্কেট এলাকায় সব সময় তীব্র যানজট লেগে থাকে।

ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরে ১০ থেকে ১২ লাখ বস্তিবাসী রয়েছে। এদের অনেকেই হকার। কাউকে উচ্ছেদ করা হবে না। তাঁরা প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ফুটপাতে ব্যবসা করবেন। এ জন্য একটি নীতিমালা তৈরি করা হয়েছে। আমরা ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেব। আগামী ১ মার্চ থেকে দিনের বেলায় ফুটপাতে হকার থাকবে না। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। সিদ্ধান্তটি কার্যকর করার আগে হকার সংগঠনের নেতাদের বৈঠক করা হবে।