মার্চ থেকে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ শুরু
আগামী ১০ মার্চ দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। চারটি পর্যায়ে বছরব্যাপী এই কার্যক্রম চলবে।নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই তালিকা হালনাগাদ করা হচ্ছে।গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশন এবং জাতীয় পরিচয়পত্র প্রণয়ন ও ভোটার তালিকা তৈরি প্রকল্পের কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন এমন এক কর্মকর্তা জানান, ইতিমধ্যে দেশের চারটি স্থানে হালনাগাদের জন্য পাইলট প্রকল্প শেষ হয়েছে। সেখানকার সুবিধা-অসুবিধা চিহ্নিত করা হয়েছে। সেই অনুযায়ী দেশব্যাপী কাজ শুরু করা হবে।২০০৯ সালে সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ করা হয়। ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছরের ২ থেকে ৩১ জানুয়ারির মধ্যে তালিকা হালনাগাদ করার বাধ্যবাধকতা আছে।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, এখন থেকে কমিশনের সুবিধাজনক সময়ে তালিকা হালনাগাদ করার বিষয়টি অন্তর্ভুক্ত করে আইন সংশোধন করার উদ্যোগ চলছে।বর্তমান ভোটার তালিকায় প্রায় সাড়ে আট কোটি ভোটার আছে। মার্চ থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। এ ছাড়া সংশোধন, স্থানান্তর, মৃতদের বাদ দেওয়ার কাজও চলবে একই সঙ্গে।২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরি ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন কার্যক্রম শুরু করে বর্তমান নির্বাচন কমিশন। ২০০৮-এর নভেম্বরে ভোটার তালিকার কাজ শেষ হয়। দেশে ও আন্তর্জাতিক মহলে এই ভোটার তালিকা প্রায় শতভাগ নির্ভুল বলে মত দেওয়া হয়।প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) বর্তমান অন্য নির্বাচন কমিশনারদের মধ্যে দুজনের মেয়াদ আগামী মাসে, আরেকজনের মার্চে শেষ হয়ে যাবে।জানতে চাইলে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, এই কমিশন ভোটার তালিকা হালনাগাদ করার প্রাথমিক কাজ শুরু করল। পরবর্তী কমিশন এসে মাঠ পর্যায়ের কাজ করবে। তিনি বলেন, দেশব্যাপী কমিশন সার্ভার স্টেশন বসানোর কাজ করছে। এটা শেষ হলে যেকোনো সময় যে কেউ তালিকায় নাম ওঠাতে পারবে। তিনি বলেন, হালনাগাদ একটা চলমান প্রক্রিয়া। এই কাজ সব সময়ের জন্য অব্যাহত রাখতে হবে।