মার্চ মাসে ৩৮ হাজার কর্মী বিদেশে গেছেন
এ বছরের মার্চে ৩৮ হাজার ২২৪ জন কর্মী বিদেশে গেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি গেছেন সংযুক্ত আরব আমিরাতে। এ নিয়ে গত তিন মাসে মোট ৯৯ হাজার ১৪০ জন কর্মী বিদেশে গেলেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে এসব তথ্য জানা গেছে।বিএমইটির মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী প্রথম আলোকে জানান, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারির তুলনায় মার্চে বেশি কর্মী বিদেশে গেছেন। এটি ইতিবাচক। এই সংখ্যা সামনে আরও বাড়বে বলে তিনি আশা করেন। বিএমইটির অভিবাসন-সংক্রান্ত শাখা সূত্রে জানা যায়, মার্চে সবচেয়ে বেশি লোক গেছেন দুবাইয়ে। এ সংখ্যা ৫৬ হাজার ২৭৫। এ ছাড়াও সিঙ্গাপুরে আট হাজার ৫৬৮, সৌদি আরবে দুই হাজার ২৫৫, ওমানে ছয় হাজার ৯১০, লিবিয়ায় ছয় হাজার ৮৫০, কাতারে দুই হাজার ৪৯৪, বাহরাইনে চার হাজার ৭৮৫, লেবাননে তিন হাজার ২৩৯, ইতালিতে এক হাজার ৬১৯, ইরাকে এক হাজার ৪৪১ এবং মরিশাসে ৮০৪ জন কর্মী গেছেন। ২০০৯ সালের মার্চে বিদেশে গিয়েছিলেন ৪২ হাজার ৯৪৫ জন কর্মী। এ বছরের জানুয়ারিতে ৩৩ হাজার ৮৪৭ জন কর্মী চাকরি নিয়ে বিদেশে গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি কর্মী গেছেন দুবাইয়ে। এ সংখ্যা ১৯ হাজার ১৯৬। এ ছাড়া ফেব্রুয়ারি মাসে ২৭ হাজার ৪৯ জন কর্মী বিদেশে গিয়েছিলেন।জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) যুগ্ম মহাসচিব শামীম আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারির তুলনায় মার্চের জনশক্তি রপ্তানির সংখ্যা ইতিবাচক। তবে এখন লোক যাচ্ছেন মূলত দুবাইয়ে। এ ভিসাগুলো এসেছে চার-পাঁচ মাস আগে। প্রক্রিয়া শেষ করে এখন তাঁরা বিদেশে যাচ্ছেন। সামনে কী হয়, সেটি দেখে বাস্তব চিত্র মূল্যায়ন করা যাবে। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও আশা করছে, এ বছর ছয় লাখেরও বেশি কর্মী বিদেশে যাবেন। ২০০৯ সালে এই সংখ্যা ছিল চার লাখ ৭৫ হাজার ২৭৮। ২০০৮ সালে ছিল আট লাখ ৭৫ হাজার ৫৫।