মার্চজুড়ে নানা কর্মসূচি পালন করবে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মার্চ মাসজুড়ে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।এ ছাড়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ‘একদলীয় ভোটারবিহীন’ ষষ্ঠ সংসদ নির্বাচনের দিনকে ‘কালো দিবস’ এবং একই বছরের ৩০ মার্চ ওই সংসদের পদত্যাগের দিনকে ‘স্বৈরাচার পতন’ দিবস হিসেবে পালন করবে আওয়ামী লীগ।গতকাল রোববার সহযোগী সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এসব কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বিএনপি যে গণতন্ত্রে বিশ্বাস করে না, এটা মনে করিয়ে দিতেই আমাদের মাসব্যাপী কর্মসূচি।সৈয়দ আশরাফ বলেন, ‘বিএনপি এখন গণতন্ত্রের জন্য মায়াকান্না করছে। শাড়ি বদলালেই গণতান্ত্রিক হওয়া যায় না। নতুন মানুষ হওয়া যায় না। বারবার মিথ্যা বললে মিথ্যাকে সত্য বলে কেউ ধরে নেবে, এমন নয়।’ তিনি বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। দলটি কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না। বন্দুকের নলেই তাদের জন্ম। তারা কোনো দিন গণতন্ত্রের সহায়ক হতে পারে না।সৈয়দ আশরাফ বলেন, ‘আমাদের মাতৃভাষা বাংলা হোক, এটাও বিএনপির পূর্বসূরিরা চায়নি। উর্দুকে মাতৃভাষা করার জন্য তারা জোরালো ভূমিকা রেখেছিল। তারা বলেছিল, মুসলমানের ভাষা হবে উর্দু আর হিন্দুদের ভাষা হবে বাংলা। এমন ভাষাভিত্তিক জাতির কথা পৃথিবীর কেউ শোনেনি।’সৈয়দ আশরাফ অভিযোগ করেন, জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের কোনো কর্মসূচি করতে দেওয়া হয় না। এটা যদি ইচ্ছাকৃতভাবে করা হয়ে থাকে, তাহলে তা হবে জাতির জন্য দুঃখজনক।কর্মসূচি: যৌথ সভায় ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। মার্চ মাসের বাকি কর্মসূচি পর্যায়ক্রমে জানানো হবে বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে।এদিকে ১২ মার্চ ঢাকায় বিরোধী দলের মহাসমাবেশ কর্মসূচিও রয়েছে।আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে গতকালের যৌথ সভায় সভাপতিত্ব করেন সৈয়দ আশরাফুল ইসলাম। এতে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে মাহবুব উল আলম হানিফ, নূহ-উল আলম লেনিন, আবদুর রহমান, মোস্তফা জালাল মহিউদ্দিন, দলের সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকার সাংসদরা উপস্থিত ছিলেন।