এসএসসি ও এইচএসসি পরীক্ষার কারণে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী মার্চ-এপ্রিলে সারা দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন নিয়ে সমস্যা দেখা দিয়েছে। ইউপি নির্বাচনের প্রস্তুতি নিয়ে গতকাল সোমবার নির্বাচন কমিশনের প্রথম বৈঠকে এটি ছাড়া আরও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ কারণে কমিশন মার্চের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে কেবল উপকূলীয় জেলাগুলোতে ইউপি নির্বাচন অনুষ্ঠানের চিন্তাভাবনা করছে।আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা, দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং কমিশন সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার কারণে মার্চে ইউপি নির্বাচন অনুষ্ঠানের জন্য ১০-১২ দিনের বেশি সময় পাওয়া যাবে না। সে জন্য অন্য কোনো সমস্যা না থাকলে কমিশন ওই সময়ে কেবল উপকূলীয় জেলাগুলোতে নির্বাচন করার চিন্তাভাবনা করছে। এইচএসসি পরীক্ষার সময়সূচি পাওয়ার পর অন্যান্য জেলার তফসিল নির্ধারণ করা হবে।আজ ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, লিখিত পরীক্ষা শেষ হবে ১৬ মার্চ। এরপর ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা। সূত্র জানায়, কমিশনের হিসাব অনুযায়ী, এই দুই পরীক্ষার মাঝে ২০ থেকে ৩০ মার্চের মধ্যে ভোট গ্রহণের সময়সীমা নির্ধারণ করতে হবে। সে ক্ষেত্রে মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহার এবং প্রচারণার জন্য এক মাসের সময় রেখে ফেব্রুয়ারির দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করতে হবে। বৈঠকে কমিশন সচিবালয়ের কর্মকর্তারা এ সময়ের মধ্যে সারা দেশের নির্বাচন-প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় বলে জানিয়েছেন। তাঁরা মে-জুনে এই নির্বাচন করার পরামর্শ দেন। তবে তিন কমিশনার সম্পূর্ণ নির্বাচন মে-জুনে নিয়ে যাওয়ার পক্ষে নন। তাঁদের মতে, ওই সময়ে ঝড়-বৃষ্টির আশঙ্কা বেড়ে যায়। এ কারণে তাঁরা মার্চে উপকূলীয় এলাকার নির্বাচন সম্পন্ন করার পক্ষে মত দেন। তবে শেষ পর্যন্ত সমস্যা আমলে নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই গতকাল বৈঠক শেষ হয়।জানা যায়, বৈঠকে ইউপি নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন কয় ধাপে অনুষ্ঠিত হবে এবং ২০০৩ সালের নির্বাচনে সহিংসতা নিয়ে আলোচনা হয়। কমিশনাররা বৈঠকে মত দেন, পৌরসভা নির্বাচনে প্রথম ধাপে পিছিয়ে পড়া রাজনৈতিক দলগুলো দ্বিতীয় ধাপে মাঠপর্যায়ে অতিরিক্ত রাজনৈতিক প্রভাব খাটিয়েছে। কয়েক ধাপে ইউপি নির্বাচন হলে ওই নির্বাচনেও শেষের দিকে রাজনৈতিক দলগুলো অবৈধ প্রভাব খাটানোর চেষ্টা করবে। এতে সহিংসতার আশঙ্কা থাকবে। ২০০৩ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত চার হাজারের বেশি ইউপিতে ভোট গ্রহণ হয়।সূত্র জানায়, আইন অনুযায়ী প্রতি বছর জানুয়ারিতে ভোটার তালিকা হালনাগাদ করার কথা। নির্বাচনী আইনেও নির্বাচনের আগে তালিকা হালনাগাদের কথা বলা আছে। কমিশন সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ করেছে ২০০৯ সালের জুলাই থেকে নভেম্বরের মধ্যে। সময় না থাকায় ইউপি নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ করা সম্ভব নয়। এ অবস্থায় তফসিল ঘোষণা করা হলে তা নিয়ে যে কেউ আইনি প্রশ্ন তুলতে পারেন। এ ছাড়া কমিশন সচিবালয়ের হিসাব অনুযায়ী, হালনাগাদ ছাড়া ইউপি নির্বাচন হলে ভোটার বৃদ্ধির হার অনুসারে আনুমানিক ১৫ লাখ ভোটারযোগ্য মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত হবেন। এ নিয়েও বৈঠকে আলোচনা হয়।