মার্চে মাঠে নামতে চায় ধর্মভিত্তিক ছোট দলগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক কয়েকটি ছোট রাজনৈতিক দল ও সংগঠন আগামী মার্চ মাসে সরকারবিরোধী কর্মসূচি দিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।দলগুলোর একাধিক সূত্র জানায়, ঢাকায় আগামী ১২ মার্চ চারদলীয় জোটের মহাসমাবেশের আগে-পরে কর্মসূচি নিয়ে রাজপথে তৎপর হতে চায় এই দলগুলো।মার্চে সক্রিয় হলে ধর্মীয় কিছু বিষয় সামনে রেখে ঢাকায় জনসভা বা গণ-অবস্থানের মতো কর্মসূচি দিতে পারে এসব দল। এতে ‘সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের’ কথা পুনঃস্থাপন, জাতীয় নারীনীতি ও শিক্ষানীতি সংশোধন এবং ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালকের পদত্যাগের পুরোনো দাবিগুলোই তোলা হতে পারে।ইসলামী ঐক্যজোট: এর মধ্যে মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট হরতাল ডাকার চিন্তাভাবনা করছে। দলের চেয়ারম্যান মুফতি আমিনী প্রথম আলোকে বলেন, ‘হরতালের মতো কঠিন কর্মসূচি ছাড়া এই সরকারের ইসলামবিরোধী কাজের প্রতিবাদ করা সম্ভব না।’ তিনি বলেন, চলতি মাসে ইজতেমা, তারপর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা, তাই মার্চেই আন্দোলনে নামবে তাঁর দল।ইসলামী আন্দোলন: চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এপ্রিল বা মে মাসে ঢাকায় বড় জনসভার কথা ভাবছে। এর আগে বিভাগীয় শহরে জনসভা করবে দলটি।দলটির মহাসচিব ইউনূছ আহমাদ বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সব বিভাগীয় জনসভার পর ঢাকায় মহাসমাবেশ করার ইচ্ছা আছে। সেখান থেকে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।’সমমনা ১২ দল: ইসলামপন্থী ছোট কয়েকটি দল ও সংগঠনের মোর্চা ‘ইসলামী ও সমমনা ১২ দল’ ২৮ জানুয়ারি ঢাকায় ওলামা মাশায়েখ সম্মেলন ডেকেছে। এতে সারা দেশের বিশিষ্ট আলেমরা অংশ নেবেন বলে জানান সংগঠনটির অন্যতম সমন্বয়ক মুহিউদ্দিন রব্বানী।সংগঠনটির শরিক দলগুলোর উল্লেখযোগ্য হচ্ছে: বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ প্রভৃতি।১২ দলের আরেক সমন্বয়ক খলিলুর রহমান মাদানি প্রথম আলোকে বলেন, ‘সরকার ধর্মীয় বিষয়ে বিতর্কিত আইন পাস করছে, আর মন্ত্রীরাও যেভাবে বিতর্কিত কথাবার্তা বলছেন, তাতে হরতাল বা গণ-অবস্থানের কর্মসূচি আসতে পারে।’বিরোধী জোটে যাচ্ছে খেলাফত: এত দিন মহাজোট সরকারের পক্ষে থাকা বাংলাদেশ খেলাফত মজলিস এখন বিএনপির নেতৃত্বাধীন জোটের সঙ্গে যুক্ত হতে চাচ্ছে। ১২ জানুয়ারি দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আতাউল্লাহ প্রথম আলোকে বলেন, এ বিষয়ে পদক্ষেপ নিতে দলের নির্বাহী কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।আজিজুল হকের নেতৃত্বাধীন এ দলটি ২০০৬ সালে চার দল থেকে বের হয়ে ওই বছরের ২৩ ডিসেম্বর আওয়ামী লীগের সঙ্গে পাঁচ দফা চুক্তি করে মহাজোটের শরিক হয়। পরে আওয়ামী লীগ ওই চুক্তি বাতিল করলে দলটি দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকে।জানতে চাইলে খেলাফত মজলিসের নায়েবে আমির আবদুর রব ইউসুফী প্রথম আলোকে বলেন, ‘আমরা দলের সামর্থ্য অনুযায়ী কর্মসূচি দেব। এ ক্ষেত্রে সমমনা দলগুলোর সঙ্গে কতটা সমন্বয় করা যায়, তাও বিবেচনা করা হবে।’