মার্চে ১১টি মামলা ও ৪১টি অভিযোগপত্র দিয়েছে দুদক
জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, অর্থ আত্মসাত্, অর্থ পাচার এবং ঘুষ নেওয়ার অভিযোগে গত মার্চ মাসে ১১টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই ধরনের অপরাধে দুদক ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র এবং ২১টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে।দুদক সূত্রে জানা গেছে, গত মাসে ১১টি মামলায় ২২ জনকে অভিযুক্ত করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন: জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের সাবেক প্রশাসনিক কর্মকর্তা হারুন-আল-রশিদ, একই প্রতিষ্ঠানের সাবেক কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, নারায়ণগঞ্জের শিমুলপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সফর আলী ভূঁইয়া, রাজধানীর শান্তিনগরের বাসিন্দা মির্জা সাঈদ, খাগড়াছড়ির পানছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, বাংলাদেশ কৃষি ব্যাংকের ফুলপুর শাখার পরিদর্শক আব্দুস সালাম ও সাবেক সহকারী পোস্টমাস্টার গোলাম মোস্তফা। এদিকে গত মাসে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ আত্মসাত্, অর্থ পাচার, ঘুষ গ্রহণ ও জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলার ৪১টি অভিযোগপত্র দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন: মাদারীপুরের সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী প্রেমচাঁদ রায়, বেসিক ব্যাংকের প্রধান শাখার সাবেক সহকারী মহাব্যবস্থাপক আব্দুল মজিদ হাওলাদার, ডেসার সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, যমুনা ব্যাংকের গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক সফিকুর রহমান খান, সুনামগঞ্জের পাণ্ডারগাঁও ইউপির চেয়ারম্যান ফারুক আহমেদ, নড়াইল পৌরসভার এক নম্বর প্যানেল চেয়ারম্যান খান মো. কবির হোসেন ও সাবেক সহকারী বন সংরক্ষক সাইফুল ইসলাম। এ ছাড়া গত মাসে দুদক ২১টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। এসব মামলায় সরকারি-বেসরকারি, চাকরিজীবী, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিসহ ৩৭ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন: গণপূর্ত অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী আনছারুল হক ও একই দপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক হক, কাস্টম পরিদর্শক মো. মহসিন উদ্দিন ও ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিন মো. নূরুল হক।