গত মার্চ মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, অর্থ আত্মসাৎ এবং জালিয়াতির অভিযোগে ২১টি মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে। একই সময়ে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা দায়ের করেছে দুদক।দুদকের চেয়ারম্যান গোলাম রহমান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, এসব দুদকের চলমান প্রক্রিয়া। সমাজ থেকে দুর্নীতি, বিশেষ করে প্রশাসনিক দুর্নীতি নির্মূলে কমিশন যথেষ্ট আন্তরিক। দুদক সূত্র জানিয়েছে, অভিযোগপত্র দেওয়া মামলাগুলোতে সরকারি-বেসরকারি ৪০ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে এমএসআর সামগ্রী কিনে এক কোটি নয় লাখ ৭২ হাজার ৪৫৯ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে রংপুরের সিভিল সার্জন মো. আবদুল মান্নানের বিরুদ্ধে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী রেজাউল্লাহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করে তিন লাখ ২৩ হাজার ৪৬২ টাকা আত্মাসাতের অভিযোগে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক কারিগরি প্রশিক্ষক মো. হামিদুল ইসলাম অভিযুক্ত হয়েছেন। ফিল্ম নীতিমালা লঙ্ঘন করে চার লাখ ৪০ হাজার ৮০০ টাকা এবং তিন লাখ ৯৯ হাজার ৯০০ টাকার কাঁচা ফিল্ম (সিনেমা ফিল্ম) কেনার অভিযোগে রাজধানীর শাঁখারী বাজারের বিদেশ কুমার ধর এবং দক্ষিণ যাত্রাবাড়ীর ঝরনা কবীরকে অভিযুক্ত করা হয়েছে। দরপত্রের সঙ্গে এক লাখ তিন হাজার টাকার ভুয়া পে-অর্ডার জমা দেওয়ার অভিযোগে পাবনার মো. আশরাফুল ইসলাম, কর রিফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে যশোরের কেশবপুরের মো. নাজির হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে। একই সময়ে ছয়টি মামলার চূড়ান্ত প্রতিবেদনে সরকারি-বেসরকারি ১৯ জন কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুদক। দুদকের দায়ের করা চার মামলায় ছয় সরকারি কর্মকর্তাসহ সাতজনকে অভিযুক্ত করা হয়েছে।