মার্চে ৫০ জন নারী-শিশু হত্যার শিকার
বাংলাদেশ মহিলা পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, মার্চ মাসে ৫০ জন নারী-শিশু হত্যার শিকার হয়েছে। মোট ৪৬৩ জন নারী ও কন্যাশিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়। মার্চে ধর্ষণের ঘটনা ঘটে মোট ৬৫টি। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ১০ জন। বিভিন্ন নির্যাতনের কারণে ৩১ জন আত্মহত্যা করতে বাধ্য হয়। বিভিন্ন কারণে ৫০ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়, ৫৯ জনের রহস্যজনক মৃত্যু হয়। বাল্যবিবাহের শিকার হয় ১৮ জন।
১৪টি জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্যের ভিত্তিতে মহিলা পরিষদ আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মহিলা পরিষদের দেওয়া তথ্য বলছে, যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে ১৯ জন। এ কারণে হত্যা করা হয় ১০ জনকে। তিনজন গৃহপরিচারিকা হত্যার শিকার হয়। উত্ত্যক্তের শিকার হয় ২২ জন। শারীরিক নির্যাতন করা হয়েছে ৫৬ জনকে। এ ছাড়া অ্যাসিডদগ্ধ, অপহরণ, পাচারসহ অন্যান্য নির্যাতনের ঘটনা ঘটেছে মাসটিতে।