চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনৈতিক সম্ভাবনা বিশ্বসভায় তুলে ধরতে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ‘অদম্য চট্টগ্রাম’ নামে পক্ষকালব্যাপী ধারাবাহিক অনুষ্ঠানমালা আয়োজনের উদ্যোগ নিয়েছে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের পার্টি হাউসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের ঘোষণা দেওয়া হয়। আগামী ৮ মার্চ উৎসবের সূচনা হবে। ‘অদম্য চট্টগ্রাম’ নামের এ উৎসবের মাধ্যমে এই প্রাচীন নগর পরিচিতি পাবে ভবিষ্যতে দেশের দিকনির্দেশনাকারী চট্টগ্রাম হিসেবে। ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র এম মন্জুর আলম ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। ৮ মার্চ থেকে এই উৎসব শুরু হবে। নগরের বিভিন্ন মিলনায়তন, মুক্তমঞ্চ, চট্টগ্রাম বন্দর ও ঐতিহাসিক স্থানে দুই সপ্তাহ ধরে অনুষ্ঠানমালা হবে। ২৩ মার্চ উৎসবের পর্দা নামবে।উৎসবের অনুষ্ঠানসূচির মধ্যে ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বন্দর ব্যবসা-বাণিজ্য, পরিবেশসহ নানা সমস্যা বিষয়ে সভা-সেমিনার, কার শো, নৌকাবাইচ, বইমেলা, সাহিত্য-সংস্কৃতিভিত্তিক অনুষ্ঠান, ফ্যাশন শো ছাড়াও থাকবে খাদ্য উৎসব। অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হবে বলেও উদ্যোক্তারা জানান। উৎসবে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে সিটি মেয়র এম মন্জুর আলম উৎসবের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘বিশ্বমানের বন্দর করতে গেলে বিশ্বমানের শহর করতে হবে। এর প্রচার লাগবে। এতে আমরা উপকৃত হব।’সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘চট্টগ্রামের উন্নতি মানে বাংলাদেশের উন্নতি। এই চিন্তা থেকে ডেইলি স্টার একটি আয়োজন নিয়ে এগিয়ে এসেছে। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।’ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, বাংলাদেশের সম্ভাবনার প্রাণকেন্দ্র চট্টগ্রাম। চট্টগ্রামকে কেউ কখনো দাবিয়ে রাখতে পারেনি। দেশের অর্থনৈতিক দিকনির্দেশনার জন্য আমরা চট্টগ্রামকে ব্র্যান্ড করব। এ ছাড়া উৎসবের মধ্য দিয়ে আমরা ঢাকা-চট্টগ্রামের মহাসড়ক, চট্টগ্রাম বন্দর, গভীর সমুদ্রবন্দরসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানের পথ খুঁজতে সভা-সেমিনার করব।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, বিএসআরএম স্টিলের ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিউরেটর শামসুল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।