মার্চেও মতলব দক্ষিণে তিন হাজার শিক্ষার্থী বই পায়নি
সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোকে জানুয়ারি মাসেই পাঠদান শুরু হয়েছে। কিছুদিন পরেই প্রথম সাময়িক পরীক্ষা। সরকার বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যের বই বিতরণ করলেও চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রায় তিন হাজার শিক্ষার্থী বই পায়নি। বছর শুরু হওয়ার তিন মাস পরও বই না পাওয়ায় এসব শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মতলব উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলার ২৬টি বেসরকারি উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৪৪৫। তাদের মধ্যে বিনা মূল্যের পাঠ্যবই (এক সেট করে) পেয়েছে নয় হাজার ৫৩০ শিক্ষার্থী। বাকি প্রায় দুই হাজার শিক্ষার্থী এখনো বই পায়নি।সূত্রটি আরও জানায়, উপজেলার ১৬টি বেসরকারি মাদ্রাসায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা চার হাজার ৩৪৬। এর মধ্যে পাঠ্যবই পেয়েছে তিন হাজার ৪৪২ জন। বাকি ৯০৪ জন শিক্ষার্থী বই পায়নি। মতলব জেবি পাইলট উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক বদরুল মিল্লাত জানান, মার্চ মাস চলে যাচ্ছে কিন্তু এখনো শিক্ষার্থীরা বই পায়নি। এতে অনেকের লেখাপড়ার খুব ক্ষতি হচ্ছে। মতলব পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী তানিয়া আক্তার জানায়, ‘মার্চ মাস শেষ অইয়া গেল, এহনও বই পাইলাম না। বইয়ের লইগা ঠিকমতো পড়তে পারি না। কয়দিন পরই প্রথম সাময়িক পরীক্ষা। পরীক্ষা কীভাবে দিমু তা জানি না।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, ‘২০ শতাংশ শিক্ষার্থী এখনো বই পায়নি। চাহিদার তুলনায় সরবরাহ কম আসায় এ সমস্যা হয়েছে। বই চেয়ে জেলা শিক্ষা কার্যালয়কে লিখিতভাবে জানানো হয়েছে।’