মার্চের চাল এখনো পাননি মঠবাড়িয়ার ৮৭০ জেলে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য বরাদ্দকৃত মার্চ মাসের ভিজিএফের চাল ৮৭০ জন জেলে এখনো পাননি। নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের পুনর্বাসনের জন্য মার্চ থেকে চার মাস পর্যন্ত জেলেদের ভিজিএফের চাল বিতরণ করা হয়ে থাকে। তবে তালিকা করা নিয়ে জটিলতার কারণে ছয় ইউনিয়নে জেলেদের চাল বিতরণ করা হয়নি।
জাটকা শিকার থেকে বিরত থাকা কয়েকজন জেলে জানান, মার্চে তালিকাভুক্ত জেলেদের ভিজিএফের চাল দেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা তালিকা তৈরিতে দেরি করায় জুন মাসেও চাল বিতরণ করা হয়নি। নদীতে জাটকা ধরা থেকে বিরত থাকায় অনেক জেলে বর্ষাকালে বেকার হয়ে পড়েছেন। এ সময় চাল-সহায়তা পেলে জেলেদের কষ্ট কিছুটা হলেও লাঘব হতো।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণ মৌসুমে (নভেম্বর-জুন) দেশের ১৭ জেলার নদ-নদীগুলোতে জাটকা ধরা নিষিদ্ধ। এই সময়ে জাটকা ধরা থেকে বিরত থাকা কর্মহীন প্রতিটি জেলের পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে মার্চ থেকে জুন পর্যন্ত চার কিস্তিতে বিশেষ ভিজিএফের মাধ্যমে খাদ্যশস্য হিসেবে প্রতি মাসে ৪০ কেজি করে চাল দিচ্ছে সরকার। মার্চ থেকে চার কিস্তিতে ওই চাল বিতরণ শুরু হওয়ার কথা ছিল। এ জন্য উপজেলার ১১টি ইউনিয়নের ২ হাজার ৩০০ জেলে পরিবারকে তালিকাভুক্ত করা হয়। কিন্তু তালিকা যথা সময়ে করতে না পারায় উপজেলার সাপলেজা ইউনিয়নের ৭২০ জন, ধানি সাফার ২৫ জন, মিরুখালীর ২০ জন, মঠবাড়িয়া সদরের ৪০ জন, হলতা গুলিসাখালীর ৩৫ জন ও টিকিকাটার ৩০ জন জেলে এখনো চাল পাননি। জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, নদীতে জাটকা ধরা বন্ধ থাকায় প্রায় সাত মাস ধরে উপজেলার প্রায় পাঁচ হাজার জেলে কর্মহীন হয়ে পড়েছেন। অথচ ভিজিএফের জন্য তালিকাভুক্ত হয়েছেন ২ হাজার ৩০০ জেলে। বাকি জেলেরা সরকারের নিষেধাজ্ঞা মানলেও তাঁরা কোনো খাদ্য-সহায়তা পাচ্ছেন না।
উপজেলার ছোট মাছুয়া গ্রামের জেলে সগির হোসেন বলেন, ‘সরকারের নিষেধাজ্ঞা মেনে নদীতে জাটকা ধরলাম না। অনেকে চাল পাইল, আমি পাইলাম না।’
সাপলেজা ইউনিয়নের খেতাছিঁড়া গ্রামের জেলে শামসুল আলম বলেন, ‘সাত মাস (নভেম্বর-জুন) নদীতে জাটকা ধরা থেকে বিরত ছিলাম। এ সময় সরকার তালিকাভুক্ত প্রত্যেক জেলেকে চার কিস্তিতে ১৬০ কেজি চাল বরাদ্দ দিয়েছে। অথচ মার্চ মাসের কিস্তির চাল জুন মাসেও পাইনি।’
বড় মাছুয়া গ্রামের জেলে ফারুক তালুকদার বলেন, ‘উপজেলায় ৪ হাজার ৬০০ জেলে নিবন্ধন করেছেন। অথচ চাল বরাদ্দ এসেছে ২ হাজার ৩০০ জেলের জন্য। বাকি জেলেদের অবস্থা কী হবে?’
সাপলেজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জমাদ্দার বলেন, ‘আমার ইউনিয়নে ১ হাজার ২০০ জেলেকে পরিচয়পত্র দিয়েছি। অথচ ভিজিএফের চাল বরাদ্দ পেয়েছি ৭২০ জন জেলের। জেলেদের সংখ্যা অনুপাতে বরাদ্দ অপ্রতুল হওয়ায় তালিকা করতে গিয়ে দেরি হয়েছে। এ কারণে চাল বিতরণ করা যায়নি। শিগগিরই জেলেদের মধ্যে চাল বিতরণ করা হবে।’
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা শামসুল হক বলেন, চেয়ারম্যানদের তালিকা করতে দেরি হওয়ায় যথাসময়ে চাল বিতরণ করা যায়নি। জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের পুনর্বাসনের জন্য একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব বলেন, জেলেদের খাদ্যশস্যের ছাড়পত্র (ডিও) চেয়ারম্যানদের দেওয়া হয়েছে। অনেকে চাল বিতরণ করেছে। তবে জেলেদের তালিকা করতে দেরি হওয়ায় কয়েকটি ইউনিয়নে এখনো চাল বিতরণ করা হয়নি।