রাঙামাটি মেডিকেল কলেজের কার্যক্রম মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরুর উদ্যোগ নিচ্ছে সরকার। এ জন্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী, স্থানীয় সাংসদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও স্থানীয় নেতাদের সমন্বয়ে একটি পরিচালনা পর্ষদ গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
গতকাল সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে রাঙামাটি মেডিকেল কলেজ স্থাপন ও কার্যক্রমবিষয়ক এক সভায় স্বাস্থ্যমন্ত্রী এই নির্দেশ দেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, সাবেক মন্ত্রী দীপঙ্কর তালুকদার, সাংসদ ঊষাতন তালুকদার, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নূরুল হকসহ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। ওই পরিচালনা পর্ষদ মার্চের প্রথম সপ্তাহে ক্লাস শুরুর বিষয়ে উদ্যোগ নেবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাঙামাটিতে মেডিকেল কলেজ স্থাপন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিচালনা পর্ষদ গঠনের মাধ্যমে রাঙামাটি মেডিকেল কলেজের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাঙামাটি মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা চলছে গত ১০ জানুযারি থেকে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারা দেশে ১১টি মেডিকেল কলেজের উদ্বোধন ঘোষণা করেন।
আদিবাসী ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সংঘর্ষকে কেন্দ্র করে কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। আদিবাসীদের নেতৃস্থানীয় ব্যক্তিরা পার্বত্য চুক্তি পুরোপুরি বাস্তবায়নের আগে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ স্থগিত করার দাবি জানিয়ে আসছে।