মার্চের বেসামাল বৃষ্টি, বোরোর ক্ষতি ৭২০ কোটি টাকা

পৌষ-মাঘ মাসে এবার ছিল না শীতের কাঁপন। এখন চলছে বসন্তকাল। এবারও প্রকৃতির অন্য রূপ। ফাল্গুন পেরিয়ে চৈত্র চলছে। কালবৈশাখী বইছে প্রতিদিন। ঝড়-বৃষ্টিতে প্রকৃতিও সিক্ত। আকাশ কালো করা মেঘকে সূর্যরশ্মি ফুটো করতে খুব একটা পারছে না। তাই ঋতুরাজ বসন্তে কাঠফাটা গরম নেই। রয়েছে বৃষ্টির দাপট। আবহাওয়া অধিদপ্তর বলছে, গত মার্চ মাসে এই বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে দেড় শ ভাগের বেশি। আর সরকারের কৃষি বিভাগের তথ্য, অতিবৃষ্টির কারণে দেশের হাওরসহ নিম্নাঞ্চলের বোরো আবাদে ক্ষতি হয়েছে। এ কারণে ৭২০ কোটি টাকার ক্ষতিতে পড়েছেন কৃষকেরা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে জানা গেছে, দেশের সাতটি বিভাগের প্রতিটিতেই স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় ঝরছে। সবচেয়ে বেশি সিলেটে বিভাগে, যার পরিমাণ ছিল ৩৭৩ দশমিক ৫ মিলিমিটার। এখানে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ১২০ মিলিমিটার। অন্যান্য বছর মার্চ মাসে বাংলাদেশে গড়ে চার দিন বৃষ্টি হয়ে থাকে। কিন্তু এবার বৃষ্টি হয়েছে ১০ দিন। তবে যে দিনই বৃষ্টি হয়েছে, সেদিন বেশ জোরালোভাবে তা হয়েছে।
বিশেষজ্ঞরা জানান, গত ৩০ বছরের বৃষ্টির গড় হিসাব করে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ নির্ধারণ করা হয়। এ বছর পশ্চিমা লঘুচাপের প্রভাব ছিল। এ কারণে মার্চ মাসে বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছে। ভারতের উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম রাজ্যে এ সময় বৃষ্টি হয়। এর প্রভাব বাংলাদেশেও পড়ে।
আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক শাহ আলম প্রথম আলোকে বলেন, আবহাওয়ার পরিবর্তন হয় প্রতিবছর। তবে আগামী বছর ২০১৮ সালে বৃষ্টি পরিমাণ যে বেশি হবে, সেটি নিশ্চিত নয়। এবার মার্চের মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে এপ্রিল মাসে বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে।
উত্তর ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি প্রভাব থাকলেও প্রতিবেশী দেশটির মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে এখন প্রচণ্ড দাবদাহ। এসব অঞ্চলের তাপপ্রবাহ বাংলাদেশ পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। এরই মধ্যে বাংলাদেশের রাজশাহী, খুলনা বিভাগে বেশ গরম পড়তে শুরু করেছে। রাজশাহী জেলায় ২ এপ্রিল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের চুয়াডাঙ্গায় ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল মাসে বাংলাদেশে তিনটি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এর প্রভাব থাকবে বেশি। তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁয়ে যেতে পারে। এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাদের কাছ থেকে জানা গেছে, তাপপ্রবাহের পাশাপাশি কালবৈশাখীও হতেও পারে। আর বৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে।
মার্চের মতো এপ্রিল মাসে বেশি বৃষ্টি হলে নিম্নাঞ্চলের রবিশস্যের ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভারতের আসাম, চেরাপুঞ্জির বৃষ্টির পানি সুরমা-কুশিয়ারা নদী দিয়ে বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়। এরই মধ্যে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা জেলার হাওর অঞ্চলের ৬০ হাজার হেক্টর জমি তলিয়ে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মনজুরুল হান্নান প্রথম আলোকে বলেন, হাওরের এসব জমিতে ২ লাখ ৪০ হাজার টন চাল পাওয়া যেত। এতে ৭২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
মার্চ মাসের অস্বাভাবিক বৃষ্টিতে কিছু কিছু এলাকায় এ সময়ের ফসল গম, ডাল শস্য, তেলবীজ বা তরমুজের মতো ফসলের ক্ষতি হয়েছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার সিদুলি গ্রামের কৃষক সুজিত সরকার তরমুজের আবাদ করেছিলেন। কয়েক দিন আগের শিলাবৃষ্টিতে তরমুজগাছের ডগাগুলো ফেটে গেছে। তিনি গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘শিলাবৃষ্টি সাধারণ চৈত্রের শেষে বা বৈশাখে হয়। এই অসময়ে যে এমনটা হবে ভাবিনি। এবার পুরো ফসলই এবার ক্ষতি হয়ে গেল।’
মার্চের বেহিসাবি বৃষ্টি গমের জন্যও এনেছে দুঃসংবাদ। নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামের কৃষক আমানুল্লাহর খেতের আধপাকা গম নষ্ট হয়েছে শিলাবৃষ্টিতে। এ কৃষক বিস্মিত প্রকৃতির এই বৈরী আচরণে।
তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, মার্চের অস্বাভাবিক বৃষ্টিতে রবিশস্যের তেমন ক্ষতি হয়নি। মনজুরুল হান্নান বলেন, এখন বৃষ্টির পর আবার রোদ পড়ছে। এই আবহাওয়া উঁচু এলাকায় ফসলের আবাদের জন্য ভালো।