বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী ১২ মার্চ ‘ঢাকা চলো’ মহাসমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি নতুন মোড় নেবে। কিন্তু সরকার ওই কর্মসূচিতে বাধা দিলে তা হবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা। বিএনপি শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করতে চায়।গতকাল শুক্রবার সকালে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় মোশাররফ ফাউন্ডেশন লিমিটেডের যুব কল্যাণ ও স্বাস্থ্যসেবা কর্মসূচির সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মোশাররফ হোসেন বলেন, নির্বাচন কমিশন অসাংবিধানিক প্রক্রিয়ায় গঠিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সব দলের কাছে গ্রহণযাগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়। দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের যুবকল্যাণ কর্মসূচির সভাপতি শাহিদুল হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, মোশাররফ ফাউন্ডেশনের এমডি বিলকিস আকতার প্রমুখ।