মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা চলতি মার্চ মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ আগামী ৭ এপ্রিল পর্যন্ত তুলতে পারবেন। খবর বাসসের।
সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীরা নিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেতন-ভাতার এই অংশ তুলতে পারবেন। এই অংশের ১২টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার এমপিও কপি ও ভাউচার নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে না পৌঁছানোর কারণে বা অন্য কোনো কারণে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান বেতন-ভাতাদি উত্তোলন করতে পারেনি, সেসব প্রতিষ্ঠান বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।