মার্টিন এনালস পুরস্কার পেলেন আদিলুর রহমান
‘মার্টিন এনালস অ্যাওয়ার্ড’ পেয়েছেন মানবাধিকার সংস্থা অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান।
নিজের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে বিশ্বব্যাপী যেসব মানবাধিকারকর্মী প্রতিশ্রুতি নিয়ে কাজ করছেন, তাঁদের এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। বিশ্বের ১০টি খ্যাতনামা মানবাধিকার সংগঠন এই পুরস্কারের জুরি (বিচারক বোর্ড) হিসেবে কাজ করে। জেনেভাভিত্তিক মার্টিন এনালস ফাউন্ডেশন পুরস্কারটি দিয়ে থাকে।
গত মঙ্গলবার (৭ অক্টোবর) সুইজারল্যান্ডের জেনেভায় আদিলুর রহমান খানের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। আদিলুর রহমান খান ছাড়াও চলতি বছর মার্টিন এনালস অ্যাওয়ার্ড লাভ করেছেন মেক্সিকোর আলেহান্দ্রা এনচেইতা ও চীনের চাও সুনলি। চাও গত ১৪ মার্চ কারান্তরীণ অবস্থায় মারা যান।
মানবাধিকার সংগঠন অধিকার বাংলাদেশে কাজ করছে ২০ বছর ধরে। আদিলুর রহমান খান সংগঠনটির প্রতিষ্ঠাতাদের একজন। গত বছর আদিলুরকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে বছরের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান সম্পর্কে এক প্রতিবেদন প্রকাশের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। যে অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়, সেটি এখন বিচারাধীন। বিজ্ঞপ্তি।