মার্স ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ
মার্স-করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশে ঝুঁকি আছে, তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ভাইরাস মোকাবিলায় বাংলাদেশ পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, এ পর্যন্ত সন্দেহভাজন ৩২ জনের শ্বাসনালির লালা পরীক্ষা করা হয়েছে। কিন্তু কারও শরীরে মার্স-করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়নি। রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য সরকার প্রস্তুত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০১২ সালের এপ্রিলে মধ্যপ্রাচ্যে মিডল ইস্ট রেসপিরেটরি-সিনড্রম করোনা ভাইরাস বা মার্স-করোনা ভাইরাস প্রথম শনাক্ত করা হয়। এ পর্যন্ত ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, জর্ডান, কাতার, সৌদি আরব, তিউনিসিয়া ও সংযুক্ত আবার আমিরাতে এই রোগ শনাক্ত হয়েছে।
আরব নিউজ বলছে, মধ্যপ্রাচ্যে এ পর্যন্ত ১৪১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৫৭ জন মারা গেছে। গত সপ্তাহে রিয়াদের প্রিন্স সালমান হাসপাতালে একজন প্রবাসী বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু হয়। আরব নিউজ বলেছে, ধারণা করা হয়, তাঁর মৃত্যুর কারণ মার্স ভাইরাস। তবে মাহমুদুর রহমান বলেছেন, ওই চিকিৎসকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাঁদের জানা নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংশ্লিষ্ট বিষয়ের ১৫ সদস্যের জরুরি কমিটির সদস্য আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে যে গুটিকয়েক দেশে রোগ নির্ণয় করার পরীক্ষাগার আছে, বাংলাদেশ তার একটি। স্বাস্থ্য অধিদপ্তর এ ব্যাপারে সতর্ক আছে।
আইইডিসিআর সূত্র বলছে, মার্স ভাইরাস বিষয়ে রাজধানী ঢাকার প্রধান হাসপাতালগুলোর চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের চিকিৎসকেরাও এই রোগ নির্ণয় ও চিকিৎসা দেওয়ার ব্যাপারে প্রশিক্ষণ পেয়েছেন। রোগের প্রকোপ দেখার জন্য ২৩টি হাসপাতালে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
সরকারি সূত্র জানায়, সৌদি এয়ারলাইনস ও বাংলাদেশ বিমানে ফেরা হজযাত্রীদের কাছ থেকে একটি হলুদ রঙের ফরম পূরণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। ফরমে এমন কিছু প্রশ্ন আছে, যার উত্তর পেলে সন্দেহভাজন ব্যক্তি শনাক্ত করা সম্ভব। কিন্তু সেই ফরমটি পূরণ করিয়ে নেওয়ার কাজটি যথাযথভাবে হয়নি। কর্মকর্তারা বলছেন, সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের যেকোনো দেশ থেকে আসা যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা দরকার।
স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর বিজ্ঞপ্তিতে বলেছে, মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসার ১৪ দিনের মধ্যে জ্বর ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি এবং কাশি ও মারাত্মক শ্বাসকষ্ট দেখা দিলে দেহে মার্স-করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে বলে ধরা যায়। এ ক্ষেত্রে অতিসত্বর নিকটস্থ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজনে ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
মাহমুদুর রহমান বলেন, এই ভাইরাসে শ্বাসকষ্ট খুব বেশি হয়। সন্দেহ হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মার্স-করোনা ভাইরাস কত দ্রুত ছড়ায় তা এখনো অজানা।