মার্স ভাইরাসের বিষয়ে সতর্ক করে সৌদি সরকারের চিঠি
পবিত্র হজ পালনে যাওয়ার আগে মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম) ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা নিতে বাংলাদেশকে চিঠি দিয়েছে সৌদি সরকার। এ বিষয়ে ব্যবস্থা নিতে গতকাল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান গতকাল সচিবালয়ে সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতেই মার্স প্রতিরোধে বাংলাদেশকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়।
চিঠিতে বলা হয়, সৌদি আরবে এখন পর্যন্ত ৩৪৫ জন মার্স ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দুই বাংলাদেশিসহ ১১১ জন মারা গেছেন। কাজেই বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি পাঠানোর আগে মার্স ভাইরাসজনিত প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। ৬০ বছরের বেশি বয়সীরা এই ভাইরাসে আক্রান্ত হলে তাঁদের মৃত্যুর আশঙ্কা বেশি থাকে। তাই বৃদ্ধ ও শিশুদের বিষয়ে বেশি সতর্ক থাকতে হবে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই চিঠির পর এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে গতকালই চিঠি দেওয়া হয়েছে।
২০১২ সালে সৌদি আরবে প্রথম মার্স ভাইরাস সংক্রমণের ঘটনা শনাক্ত হয়। তখন থেকে এ পর্যন্ত বিশ্বের ২২টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশে সম্প্রতি এই ভাইরাস আক্রান্ত এক রোগীকে শনাক্ত করা হয়েছে বলে গত রোববার জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বাংলাদেশে আসেন৷ বিমানবন্দর বা উড়োজাহাজে তিনি সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷ চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে থাকা ওই রোগীর কিছুটা উন্নতি হয়েছে বলে আইইডিসিআর জানিয়েছে৷
আতঙ্কিত না হতে পরামর্শ: স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, মার্স ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। কারণ বাংলাদেশে এর বিস্তার ঘটেনি। এ পর্যন্ত মাত্র একজন রোগীকে শনাক্ত করা হয়েছে। আর এ ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আগামী অক্টোবরে পবিত্র হজ পালিত হবে। এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৯৯ হাজার লোক হজে যাবেন।