মার্সিডিজ গাড়িতে ঘোরা 'প্রতারক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টারডম নামে কথিত একটি ইংরেজি বিনোদন পত্রিকার সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিতেন রিজওয়ানা খালেদ। মার্সিডিজসহ দামি গাড়িতে চড়েন তিনি। কথায় কথায় রথী-মহারথীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের তুবড়ি ছোটান। একটি গাড়ি নিয়ে প্রতারণার সূত্র ধরে গত শুক্রবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তারের পরই বেরিয়ে আসে প্রতারণার এক দীর্ঘ কাহিনি।

ডিবির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন বলেন, রিজওয়ানা খালেদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাঁর প্রতারণার আরও ২০টির মতো আনুষ্ঠানিক অভিযোগ মিলেছে। প্রায় ১২ ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাঁর সম্পর্কে অনেকে ফোন করে অভিযোগ জানাচ্ছেন। বর্তমানে ওই নারীকে দুই দিনের জন্য পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবির কর্মকর্তারা জানান, রিজওয়ানা খালেদের বিরুদ্ধে গাড়ি ভাড়া করে বিক্রি করে দেওয়া, মোটা লাভের লোভ দেখিয়ে টাকা নিয়ে (বিনিয়োগ হিসেবে) ফেরত না দেওয়া, পত্রিকার প্রথম পাতায় মডেলদের ছবি ছাপানোর কথা বলে টাকা নেওয়া এবং পরে ওই সব ছবি বিকৃত করে আরও টাকার জন্য চাপ দেওয়া, মডেলিং-ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়া, ইতালিতে পাঠানোর জন্য টাকা নিয়ে প্রতারণা, বিয়ের জন্য বাগদান সম্পন্ন করে বাগদত্তার কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে সম্পর্ক ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে। রিজওয়ানার ভাই তানভীর খালেদ ও বাবা আলমগীর খালেদকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ আছে। প্রতারিত একজন দীপঙ্কর সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, তাঁর কাছে একপ্রকার জোর করেই রিজওয়ানা একটি হোন্ডা সিআরভি গাড়ি বিক্রি করেন। পরে তিনি জানতে পারেন, সেই গাড়িটি ভাড়া করে এনেছিলেন রিজওয়ানা। তিনি এ বিষয়ে একটি মামলা করেছেন রামপুরা থানায়। দীপঙ্কর জানান, রিজওয়ানা ভাড়া করা দামি গাড়িতে চড়তেন, আসবাবসহ বিলাসবহুল ভাড়া ফ্ল্যাটে থাকতেন। ডিবির কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নাটক, সিনেমা ও সংগীত জগতে বিচরণ রিজওয়ানার। এঁদের অনেকেই তাঁর কাছে প্রতারিত হয়েছেন। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও ধনী ব্যবসায়ীদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। এঁদের অনেকেই তাঁর শিকার হয়েছেন। বিভিন্নজনের সঙ্গে ছবি তুলে সেগুলো তাঁদের পরিবারকে দেখানোর ভয় দেখিয়ে টাকা আদায় করতেন ওই নারী। কয়েকজন ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তার কাছে টাকা না পেয়ে তাঁদের স্ত্রীদের কাছে বিভিন্নভাবে তোলা ছবি পাঠিয়ে দিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদে এ রকম কয়েকজনের নামও বলেছেন তিনি। রিজওয়ানাকে গ্রেপ্তারের পর বিভিন্নজন তাঁকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার তদবির করেছেন। এ ঘটনায় পুলিশের দিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে নারীনেত্রী হিসেবে পরিচিত একটি বেসরকারি সংস্থার (এনজিও) প্রধান কয়েকজন কর্মকর্তার কাছে ফোন করেছেন। পুলিশ এই সম্পর্কগুলোও খতিয়ে দেখছে।