মাল বুকিংয়ের রসিদে আন্তনগর ট্রেনযাত্রা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী স্টেশন থেকে আন্তনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেসে ঢাকায় যাবেন আসাদুজ্জামান প্রধান। টিকিট সংগ্রহ করতে গত বৃহস্পতিবার স্টেশনে যান তিনি। নির্দিষ্ট টাকা পরিশোধের পর তাঁর হাতে যা ধরিয়ে দেওয়া হয়, তাতে যারপরনাই বিস্মিত তিনি।

নীলফামারী শহরের সবুজপাড়ার এ বাসিন্দা বলেন, ‘আমাকে মালামাল বুকিংয়ের রসিদ ধরিয়ে দেন স্টেশনের বুকিং সহকারী। কারণ জানতে চাইলে আমাকে বলা হয়, এখানে কম্পিউটারাইজ টিকিট নেই। ছাপানো টিকিট দেওয়া হতো, কিন্তু তা-ও শেষ হয়েছে। এ কারণেই মালামাল বুকিংয়ের রসিদ দেওয়া হলো। তবে এতে ভ্রমণে কোনো সমস্যা হবে না।’

নীলফামারী, ডোমার ও চিলাহাটি রেলস্টেশন থেকে যাঁরা টিকিট কিনে আন্তনগর ট্রেনে ভ্রমণ করেন, ছয় মাস ধরেই তাঁদের এ অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে। কারণ, এ তিনটি স্টেশনে আজও কম্পিউটারভিত্তিক টিকিটসেবা চালু হয়নি। দীর্ঘদিন ধরে ছাপানো টিকিট সরবরাহ না থাকায় এখন মালামাল বুকিংয়ের রসিদেই কাজ চালানো হচ্ছে।

চিলাহাটি বাজারের ব্যবসায়ী তোজাম্মেল হোসেন অভিযোগ করেন, আন্তনগর নীলসাগর, রূপসা, সীমান্ত ট্রেনের যাত্রা শুরু হয় চিলাহাটি স্টেশন থেকে। অথচ এখানে ছাপানো টিকিট বা কম্পিউটারভিত্তিক টিকিট পাওয়া যাচ্ছে না। ঢাকা ছাড়াও অনেক সময় চিলাহাটি থেকে ডোমার, নীলফামারী, সৈয়দপুরসহ বিভিন্ন স্থানে যাওয়ার জন্য হাতে লেখা টিকিটের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। সময়ের অভাবে টিকিট সংগ্রহ করতে না পেরে অনেক যাত্রী বিনা টিকিটে ট্রেনে উঠে পড়ে। এতে করে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। পাশাপাশি বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার।

স্টেশনের কর্মকর্তা ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, নীলফামারীর এ তিনটি স্টেশন হয়ে একটি বেসরকারি মেইল এবং পাঁচটি আন্তনগর ট্রেন চলাচল করে। এসব ট্রেনের জন্য প্রতিদিন কয়েক হাজার যাত্রীকে টিকিট দিতে হয়। ছয়টি ট্রেনের মধ্যে রাজশাহীগামী তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের জন্য এসব স্টেশনে সব শ্রেণির ছাপানো টিকিট রয়েছে। তবে খুলনাগামী সীমান্ত ও রূপসা এক্সপ্রেস ট্রেনের এসি চেয়ারসহ কয়েকটি শ্রেণির টিকিট নেই। অপরদিকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের কোনো শ্রেণির ছাপানো টিকিট নেই। প্রায় ছয় মাস ধরে এ অবস্থা চললেও ছাপানো টিকিট সরবরাহ বা কম্পিউটারভিত্তিক টিকিট দেওয়ার কোনো ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। এসব টিকিট এখন মালামাল বুকিংয়ের রসিদে দিতে বাধ্য হচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। হাতে টিকিট লিখতে সময় বেশি লাগে। এ কারণে টিকিট নিতে আসা যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আবার এমন টিকিট নিয়ে ট্রেন উঠে হয়রানি বা বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছে যাত্রীরা।

নীলফামারী থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের নিয়মিত যাত্রী মেরাজুল ইসলাম বলেন, ‘গোটা দেশ যেখানে ডিজিটাল হয়েছে, সেখানে নীলফামারীতে ট্রেনের ডিজিটাল টিকিট পাওয়া যাবে না কেন?’ তাঁর মতে, ছাপানো বা কম্পিউটারে টিকিট পাওয়া গেলে একদিকে সরকারের রাজস্ব আয় বাড়ত, অন্যদিকে যাত্রীদের ভোগান্তিও অনেকাংশে কমে যেত।

নীলসাগর ট্রেনের নিয়মিত যাত্রী সোলায়মান আলী বলেন, ‘আমি প্রায় সময়ে ট্রেনে ঢাকায় যাতায়াত করি। ট্রেনের বেশির ভাগ যাত্রীর হাতে কম্পিউটারভিত্তিক টিকিট দেখা যায়। অথচ আমাদের হাতে থাকে মালামাল বুকিংয়ের রসিদ। এ কারণে অস্বস্তি বোধ করি। অন্যান্য যাত্রীদের কাছে নিজেকে অসহায় মনে হয়।’

রেলস্টেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এমন পরিস্থিতির বিষয়টি স্বীকার করছেন। তাঁরা বলছেন, বারবার চাহিদাপত্র দেওয়ার পরও ছাপানো টিকিট আসছে না। ফলে নিরুপায় হয়ে তাঁরা মালামাল বুকিংয়ের টিকিট দিচ্ছেন। চিলাহাটি স্টেশনমাস্টার আবদুল মতিন বলেন, ‘আমাদের ছাপানো টিকিট শেষ হয়েছে। টিকিট শেষ হয়ে যাওয়ায় ফাঁকা কাগজের টিকিট (বিপিটি) দেওয়া হতো। বিপিটিও শেষ হওয়ায় এখন মালামাল বুকিংয়ের রসিদে টিকিট দিচ্ছি।’ তিনি বলেন, এমনিতেই জনবল কম, তার ওপর হাতে লেখা টিকিট দিতে সময় বেশি লেগে যায়। কম্পিউটার ব্যবস্থা চালু হলে এ সমস্যা থাকত না।

এ ব্যাপারে জানতে রেলওয়ে পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আহসান উল্লাহ ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি। রেলওয়ে পাকশী বিভাগের ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার বলেন, টিকিট ছাপা হয় চট্টগ্রামে। নীলসাগর এক্সপ্রেস বাদে বাকি পাঁচটি ট্রেনের টিকিট হাতে পেয়েছেন। শিগগিরই এগুলো নীলফামারীতে পাঠানো হবে।