মালখানার সামনে আগুনে পুড়েছে মামলার আলামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালতের মালখানার সামনে আগুন লেগে পুড়ে গেছে মামলার আলামত। গতকাল সোমবার সন্ধ্যায় আদালত ভবনের দ্বিতীয় তলায় মালখানার সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত নির্ণয় করা যায়নি। নাশকতা কি না তা তদন্ত করছে পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহামঞ্চদ রেজাউল মাসুদ বলেন, ‘মালখানার সামনে কিছু মামলার আলামত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলো হলো রশি, বাঁশ, কাঠ, রক্তমাখা শার্ট ও বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ। সন্ধ্যা সাতটা ২০ মিনিটে কে বা কারা আগুন ধরিয়ে দিলে দমকল বাহিনী এসে ২৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। মহানগর মালখানায় স্থান সংকুলান না হওয়ায় কিছু আলামত বারান্দায় রাখা হয়। তবে কোনো মামলার নথি কিংবা গুরুত্বপূর্ণ আলামত ছিল না।’
৩০ জানুয়ারি চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে চট্টগ্রাম আদালতে। রায়কে কেন্দ্র করে কেউ নাশকতা করতে পারে বলে ধারণা করছে পুলিশ।