মালদ্বীপ থেকে লাশ হয়ে ফিরলেন রাব্বী
ময়মনসিংহের নান্দাইল উপজেলার পংকরহাটি গ্রামের এক যুবকের লাশ গত বুধবার মালদ্বীপ থেকে দেশে আনা হয়েছে। তাঁর পরিবারের অভিযোগ, মানব পাচারকারীদের নির্যাতনের শিকার হয়ে তিনি মারা গেছেন।
নিহত যুবকের নাম রাব্বী আলম (২৬)। গতকাল বৃহস্পতিবার তাঁর লাশ দাফন করা হয়েছে।
নিহত যুবকের বাবা ফজলুর রহমান বলেন, তাঁর তৃতীয় সন্তান রাব্বী আলম পেশায় বিদ্যুৎমিস্ত্রি। উপজেলার তালজাঙ্গা গ্রামের ইসলাম উদ্দিন ও মিশ্রিপুর গ্রামের কাশেম মিয়া নামের দুই দালাল তাঁর ছেলেকে বিদেশে যাওয়ার পরামর্শ দেন। তাঁরা রাব্বীকে বলেন, মালদ্বীপে গিয়ে এ কাজ করলে প্রতি মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় হবে। দালালদের ভালো বেতনের প্রতিশ্রুতি পেয়ে রাব্বী একপর্যায়ে বিদেশে যেতে রাজি হন। বিদেশে যাওয়া বাবদ ইসলামকে ২ লাখ ৪০ হাজার টাকা দেন রাব্বী।
রাব্বীর ভাই মাহবুব আলম বলেন, গত ২০ জুন রাব্বী দেশ ছাড়েন। এ সময় দালালের লোকজনও তাঁর সঙ্গে ছিলেন। পরে মালদ্বীপ বিমানবন্দর থেকে ভাই ফোন করে জানান, দালালের লোকেরা তাঁর কাছ থেকে পাসপোর্টসহ যাবতীয় কাগজপত্র ও টাকাপয়সা কেড়ে নিয়েছেন। তিনি বিমানবন্দর থেকে বের হতে পারছেন না। পরে তিনি (মাহবুব) মুঠোফোনে ইসলামকে এ ঘটনা জানালে প্রায় ১৮ ঘণ্টা পর রাব্বীকে বিমানবন্দর থেকে বের করে নিয়ে যান দালালের লোকজন।
রাব্বীর বোন কামরুন্নাহার বলেন, ২৯ জুলাই রাব্বী তাঁর কাছে ফোন করেন। এ সময় রাব্বী তাঁকে জানান, তিনি একটি নির্মাণপ্রতিষ্ঠানে ঢালাই শ্রমিক হিসেবে কাজ করছেন। দালালের লোকেরা পাসপোর্ট ও কাগজপত্র কেড়ে নেওয়ায় অভিজ্ঞতা অনুযায়ী চাকরি জোগানোর চেষ্টাও তিনি করতে পারছেন না। রাব্বী ফোনে তাঁকে আরও বলেন, ইসলাম ও কাশেমকে আটকে বিষয়টি যেন সুরাহা করা হয়। কিন্তু ৩১ জুলাই তাঁরা রাব্বীর মৃত্যুর সংবাদ জানতে পারেন।
এ বিষয়ে কথা বলার চেষ্টা করেও ইসলাম ও কাশেমকে গ্রামে পাওয়া যায়নি। গ্রামের লোকজন বলেন, রাব্বীর মারা যাওয়ার খবর গ্রামে আসার পর তাঁরা গা ঢাকা দিয়েছেন।
রাব্বীর চাচা ও উপজেলার গাঙ্গাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, রাব্বীর সারা শরীর কালশিটা। লাশের গোসল যাঁরা করিয়েছেন, তাঁরা ধারণা করছেন, রাব্বীকে ভারী বস্তু দিয়ে পিটিয়ে হত্যা করা হতে পারে। গলায় সুচ-জাতীয় জিনিস ঢোকানোর চিহ্ন রয়েছে। তিনি আরও বলেন, মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের পরিচিত এক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে রাব্বীর লাশ দেশে আনা সম্ভব হয়েছে। ওই কর্মকর্তার মাধ্যমে তিনি জানতে পেরেছেন, রাব্বী যে প্রতিষ্ঠানে কাজ করতেন, সেটি তাঁর মৃত্যুর পর থেকে তালাবদ্ধ। তিনি এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আইনজীবীর সঙ্গে যোগাযোগ করছেন।
সহকারী পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. আকতারুজ্জামান বলেন, তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।