মালদ্বীপে গ্রেপ্তার ২০ বাংলাদেশি
মালদ্বীপের অভিবাসন-বিষয়ক দপ্তর অন্তত ২০ জন অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তার করেছে। রাজধানী মালের স্থানীয় বাজার এলাকা থেকে গত বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়। খবর দ্য হাভিরুর।
মালদ্বীপের ইংরেজি দৈনিকটি জানায়, স্থানীয়ভাবে উৎপাদনকৃত বিভিন্ন পণ্য বিক্রির জন্য নির্ধারিত বাজারে কেবল মালদ্বীপের নাগরিকেরাই কাজ করার জন্য অনুমোদনপ্রাপ্ত। কিন্তু সেখানকার বেশির ভাগ দোকানই এখন প্রবাসী শ্রমিকে ঠাসা।
মালদ্বীপের অভিবাসন দপ্তরের একজন কর্মকর্তা বলেন, অনিবন্ধিত অভিবাসী শ্রমিকদের ধরতে কর্তৃপক্ষের চলমান অভিযানের অংশ হিসেবে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু বৃহস্পতিবার ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি দপ্তর।
অবশ্য ঘটনাস্থলে থাকা একজন সাংবাদিক অন্তত ২০ জনকে গ্রেপ্তার করে নিয়ে যেতে দেখেছেন। দেশটিতে গ্রেপ্তার হওয়া অনিবন্ধিত অভিবাসী শ্রমিকদের রাজধানী মালের উপকণ্ঠ হুলহুমেল এলাকার একটি আটক কেন্দ্রে রাখা হয়। এরপর তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।
চলতি মাসের শুরুতে মালদ্বীপের কর্তৃপক্ষ যেসব ব্যবসাপ্রতিষ্ঠানে অনিবন্ধিত অভিবাসী শ্রমিকদের কাজ দেওয়া হবে, তাদের কাছ থেকে জরিমানা আদায় শুরু করে।