মালদ্বীপে বাংলাদেশি নাগরিকদের শান্ত থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের সেখানকার বর্তমান পরিস্থিতিতে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। গত বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খবর ইউএনবির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল কাজী সারোয়ার হোসেন গত বুধবার সেখানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এ সময় তিনি তাঁদের শান্ত থাকার অনুরোধ জানান। সেখানে বসবাসরত বাংলাদেশিদের উদ্বেগের বিষয়টি তিনি দেশটির কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন বলেও তাঁদের অবহিত করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাষ্ট্রদূত বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের সঙ্গে বৈঠক করেন। এর পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন।
এ বিষয়ে রাষ্ট্রদূত সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের সঙ্গেও যোগাযোগ রাখছেন বলে জানানো হয়। এ ছাড়া মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ করা হয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানকার পরিস্থিতির ওপর নজর রাখছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পৃথক আরেকটি খবরে ইউএনবি জানায়, সে দেশে অবস্থানরত বাংলাদেশিদের সহযোগিতার জন্য মালেতে বাংলাদেশ দূতাবাস একটি হেল্পলাইন চালু করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির সূত্রমতে, এই টেলিফোন লাইনটি ২৪ ঘণ্টা খোলা থাকবে। এর নম্বর +৯৬০৩৩২০৮৫৯।
সাম্প্রতিক সময়ে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ওপর বিভিন্ন হামলার ঘটনা ঘটে। ২২ মার্চ রাজধানী মালের একটি ক্যাফেতে শাহিন মিয়া নামের এক বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। আর ২৩ মার্চ বেলাল নামের আরেক বাংলাদেশির লাশ দেশটির তোরদোহ নামের এক প্রত্যন্ত এলাকা থেকে উদ্ধার করা হয় বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
এসব ঘটনায় দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মাঝে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশিরা কর্মস্থলে যেতেও ভয় পাচ্ছেন বলে বৃহস্পতিবার বিবিসি বাংলার খবরে বলা হয়।