এক হাজার ২১৭টি ছোট-বড় দ্বীপের সমাহারে গঠিত দেশ মালদ্বীপ। এসবের একটিতে ছোট অথচ ছিমছাম রাজধানী শহর মালে। এখানে বাংলাদেশের একটি বড়সড় চিত্র প্রদর্শনী উপলক্ষে এসে উপস্থিত হয়েছি আমি, শিল্পী আবুল বারক আলভী এবং বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। সঙ্গে রয়েছেন মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক নিয়ে বিশেষ গবেষণাধর্মী আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রিত অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। সস্ত্রীক এসেছেন তিনি।চারদিকে গাঢ় ইন্ডিগো রঙের সমুদ্রবেষ্টিত মালের জাতীয় চিত্রশালায় ২৬ জন শিল্পীর ৩৩টি চিত্রকলা নিয়ে বর্ণাঢ্য চিত্র প্রদর্শনীর উদ্বোধন হলো উত্সবমুখর পরিবেশে। উদ্বোধন করেছেন মালদ্বীপের পর্যটনশিল্প ও সংস্কৃতিমন্ত্রী আহমেদ আলী সাউদ।উপস্থিত ছিলেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট মোহামেদ ওয়াহেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ নাসির, নির্বাচন কমিশনার ওয়াহিদসহ স্থানীয় শিল্পী, শিল্পানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া উল্লেখযোগ্য দিক ছিল মালদ্বীপে কর্মরত ও বসবাসরত বাংলাদেশিদের আনন্দিত উপস্থিতি।উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রদূত সেলিনা মহসীন। প্রধান অতিথি মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মেদ ওয়াহেদ দুই দেশের সাংস্কৃতিক যোগসূত্র নিয়ে এবং এ ধরনের প্রদর্শনীর প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দেন। সৈয়দ আনোয়ার হোসেন এবং আমি দেশের শিল্পকলা, অংশগ্রহণকারী শিল্পী ও শিল্পকলা চর্চার দিক, গতি-প্রকৃতি নিয়ে বক্তব্য দিই। সব মিলিয়ে পুরো অনুষ্ঠানটি উপভোগ্য হয়েছে। সংবাদমাধ্যমগুলোতে ফলাও করে প্রদর্শনীর খবরাখবর প্রকাশিত হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় রাত সাড়ে আটটায় এবং আনুষ্ঠানিকতা শেষ হয় ১১টায় আপ্যায়ন দিয়ে। ওই ঘটনাটি আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতার। শুনেছি, অফিস-আদালতের কাজ সেরে, দোকানপাটের ঝাঁপ বন্ধ করে নির্বিঘ্ন-নিশ্চিন্ত হয়ে সবাই যাতে আসতে পারে এবং যোগ দিতে পারে, তার জন্য এই শহরে বেশির ভাগ ক্ষেত্রে এই সময়কে বেছে নেওয়া হয়। কোলাহলহীন, যানজটহীন, দূরদূরান্ত থেকে আসা-যাওয়ার দুশ্চিন্তাহীন শহর বলে এখানে বেশ ঘরোয়া ভাব রয়েছে। রাজপথও খুব বড় বড় এভিনিউর মতো চওড়া নয়। ভেনিসের মতো ছোট ছোট অলিগলি দিয়ে যাতায়াত। ১০ মিনিটে শহরের যেকোনো দিকের শেষ প্রান্তে পৌঁছে সমুদ্রের ধারে যাওয়া যায়। মজা হলো, অ্যাডভেঞ্চারের জন্যও একেবারে হাল মডেলের বড় বড় গাড়ি ব্যবহারের চল রয়েছে। অবশ্য আমজনতা মোটরসাইকেলে চলাফেরা করে। এমনকি নারীরাও। ট্রাফিক পুলিশের যেমন বালাই নেই, তেমনি টহল পুলিশও চোখে পড়ে না। শুনলাম, আইনশৃঙ্খলার অবস্থা অত্যন্ত কড়া। আমাদের গাইড দূর সমুদ্রের একটি একা পড়ে থাকা দ্বীপ দেখিয়ে বললেন, ওটা জেলখানার দ্বীপ।যা-ই হোক, সবচেয়ে ভালো লেগেছে এখানকার সাধারণ দর্শক থেকে শুরু করে সব অংশের মানুষের সংস্কৃতিমনা ভাবটি এবং যেহেতু পর্যটকদের ওপর নির্ভর করে দেশটির প্রধান নির্ভরতা, অতএব বিদেশিদের যথেষ্ট সম্মান করে।অবাক হলাম চিত্রকলার প্রতি বিশেষ টান দেখে; আমাদের পদ্ধতিগত, ভাবগত, ধরনগত দিক নিয়ে অনেক কিছু জানার ইচ্ছে প্রত্যক্ষ করে। এসবে চমত্কৃত না হয়ে পারিনি।অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছে। এবং এর জন্য একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালা অবশ্য অনুষ্ঠিত হবে বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী ও শিল্পী শেখ আফজাল আজ ২৮ মে উপস্থিত হলেই।আমাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় দিকটির অপেক্ষায় আছি সবাই। আর তা হলো দিন তিনেক দ্বীপ-দ্বীপান্তরে ঘুরে বেড়ানোর।প্রদর্শনীটি বাংলাদেশ সংস্কৃতির উত্সবের প্রধান অংশ। প্রদর্শনীর জন্য উদ্যোগী ভূমিকাটি বাংলাদেশের রাষ্ট্রদূত অত্যন্ত সংস্কৃতিমনা ও চিত্রকলায় অনুরাগী অধ্যাপক সেলিনা মহসীনের। সার্বিক দায়িত্ব পালনে বেঙ্গল গ্যালারি এবং এটির আয়োজনে মুখ্য ভূমিকা বাংলাদেশ ও মালদ্বীপ সরকারের।২৬ মে বুধবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৩ জুন ২০১০ পর্যন্ত।