মালনীছড়ার উৎসমুখ খনন শুরু
সিলেটের মালনীছড়া চা-বাগান! নগরের উত্তর দিকের এ চা-বাগান থেকে যে ছড়াটি (ছোট খাল) নগর হয়ে দক্ষিণে সুরমা নদীতে গিয়ে মিলিত হয়েছে, এটির নামও মালনীছড়া। সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড মালনীছড়ার উৎসমুখ এলাকা।
সিটি করপোরেশনের হিসাবমতে, ৬ নম্বর ওয়ার্ডসহ আরও তিনটি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা হয়ে সুরমায় মিলিত হওয়া মালনীছড়ার উৎসমুখ ছিল দখলে প্রায় বিপন্ন। প্রায় ৩০ থেকে ৪০ ফুট প্রস্থের ছড়াটি কোথাও কোথাও দুই ফুট হয়ে পড়েছে। এর মধ্যে নগরের কিছু অংশ ২০১৪ সালের দিকে উদ্ধার হয়েছিল। ওই সময় চিহ্নিত করা হয়েছিল উৎসমুখের দখল। প্রায় দুই বছর পর গতকাল মঙ্গলবার থেকে মালনীছড়ার উৎসমুখে ছড়া খননকাজ শুরু করেছে সিলেট সিটি করপোরেশন।
সরেজমিনে দেখা গেছে, মালনীছড়া চা-বাগান হয়ে ছড়াটি লাক্কাতুরা চা-বাগান ঘেঁষে প্রবহমান। মালনীছড়া থেকে লাক্কাতুরা চা-বাগানের কারখানার দিকে ছড়াটি একটি ছোট্ট নালায় রূপ পেয়েছে। প্রায় আধা কিলোমিটার অংশের দুই দিকে সহস্রাধিক বসতবাড়ি। কোথাও আবার মাটি ভরাট করে পাকা দেয়ালও রয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ছড়ার ওই অংশে খননযন্ত্র (এক্সকাভেটর) চালানো হয়।
সকল নয়টা থেকে বেলা দুইটার মধ্যে প্রস্থে পাঁচ ফুটে রূপ নেওয়া মালনীছড়া প্রায় ৩০ ফুটে রূপ ফিরে পায়। বর্ষা মৌসুমকে সামনে রেখে সিটি করপোরেশনের ছড়া সংস্কার ও খনন প্রকল্পে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরীর নেতৃত্বে এ কাজ শুরু হয়েছে।
ফরহাদ চৌধুরী বলেন, বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীর মাধ্যমে এ ছড়ার অবৈধ দখল চিহ্নিত করা হয়েছিল। পরবর্তী সময়ে আরিফুল কারাবন্দী ও বরখাস্ত হওয়ায় ছড়ার অবৈধ দখল উচ্ছেদ আর হয়নি। এবার খননের মাধ্যমে ছড়া দখলমুক্ত করা হবে জানিয়ে গতকাল প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন করে কাউন্সিলর প্রথম আলোকে বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে ছড়ার প্রস্থ অন্তত ৩০ ফুট করার। যেখানে বেশি দখল, সেখানে খননযন্ত্র চালিয়ে ছড়ার সীমানা বের করা হবে।’