মালবাহী ট্রাক ও বেবিট্যাক্সির সংঘর্ষে চারজন নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মালবাহী ট্রাক ও টু-স্টোক বেবিট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন। রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার বরাব এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন আধাঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল শুরু হয়।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বরাব এলাকায় ভুলতাগামী টু-স্টোক বেবিট্যাক্সির সঙ্গে নরসিংদীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বেবিট্যাক্সিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই বেবিট্যাক্সিতে থাকা চার যাত্রীর মৃত্যু হয়। আহত হয় আরও একজন। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন আধাঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল শুরু হয়। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকার ফখরুদ্দিনের ছেলে তাহু মিয়া (৪২), তাহু মিয়ার স্ত্রী আমেনা খাতুন (৩৫), মুকুল মিয়ার স্ত্রী বশিরুন নেসা (৩৩) ও শেরপুর জেলার শ্রীবরদী থানার বিশ্নপুর এলাকার মাহার আলীর ছেলে রাসেল মিয়া (২৮)।