মালবাহী ট্রেন লাইনচ্যুত, চলাচল নয় ঘণ্টা বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন-যোগাযোগ নয় ঘণ্টা বিচ্ছিন্ন ছিল। ছয়টি আন্তনগর ট্রেনের যাত্রা বাতিল করে কর্তৃপক্ষ। এতে চরম বিপাকে পড়ে যাত্রীরা।আখাউড়া ও লাকসাম রেল জংশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেন গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নিলে বেলা ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটিকে বুধবার দিবগত রাত দুইটা ৫৫ মিনিটে কসবা রেলস্টেশনের ২ নম্বর পথে থামার নির্দেশ দেওয়া হয়। একই সময়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা ট্রেনটিকে ১ নম্বর পথ দিয়ে অতিক্রম করার জন্য সংকেত দেওয়া হয়। মালবাহী ট্রেনটি ২ নম্বর পথ দিয়ে প্রবেশ করলেও স্টেশনে না থামার কারণে ডাউন পয়েন্টে চলে গেলে ইঞ্জিনসহ তিনটি বগী লাইনচ্যুত হয়।রেলওয়ে পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণকক্ষ জানায়, ট্রেন দুর্ঘটনার কারণে গতকাল ঢাকা-চট্টগ্রাম রেলপথের এক জোড়া চট্টলা, এক জোড়া গোধূলী এবং চট্টগ্রাম-সিলেট পথের এক জোড়া পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। এতে যাত্রীরা চরম বিপাকে পড়ে।রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত ট্রেনের চালক শাহজাহান মোল্লা ও সহকারী চালক মাহমুদ আলীকে গতকাল সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংকেত অমান্য করার অভিযোগে তাঁদের বরখাস্ত করা হয়। দুর্ঘটনার সময় তাঁরা দুজনই তন্দ্রাচ্ছন্ন ছিলেন বলে জানা যায়। ট্রেন না থামানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে।রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. তাফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘চালকের গাফিলতিতে দুর্ঘটনা ঘটেছে। একই ট্রেনটি আগের দিন বুধবার ভোরে ফেনীর অদূরে দুর্ঘটনার কবলে পড়ে। তাই আমরা ট্রেনটির চালক ও সহকারী চালককে সাময়িক বরখাস্ত করেছি।’ রেলওয়ে পূর্বাঞ্চলের ব্যবস্থাপক সুকুমার ভৌমিক বলেন, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।তদন্ত কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কমকর্তা জাকির হোসাইন বলেন, সরেজমিন তদন্ত করা হয়েছে। প্রতিবেদন চূড়ান্ত করে আজ শুক্রবার জমা দেওয়া হবে।