মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত, চলাচল তিন ঘণ্টা বন্ধ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর জেলখানাসংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী কনটেইনার ট্রেনের একটি বগির চারটি চাকা গতকাল শনিবার বেলা ১১টা ৩০ মিনিটে লাইনচ্যুত হয়। এ কারণে চট্টগ্রাম, ঢাকা ও সিলেট পথে সাড়ে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।দুপুর ১২টায় লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এনে বেলা আড়াইটায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার কারণে বেশ কয়েকটি ট্রেনের যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে।মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় কুমিল্লা রেলস্টেশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী, লাকসাম জংশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা ও লাকসামের নাওটি রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা ট্রেন ও কয়েকটি মালবাহী ট্রেন আটকা পড়ে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।কুমিল্লা রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার বলেন, উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনটিকে সরাতে সময় লেগেছে। এ কারণে প্রায় তিন ঘণ্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।