মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। উপজেলার আড়িখোলা রেলস্টেশনের কাছে নলছাটা এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ওই মালবাহী ট্রেনটির বগি দুটি লাইনচ্যুত হয়। গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। রেলওয়ে কর্মকর্তা ও পুলিশ সূত্র জানায়, বগি দুটি লাইনচ্যুত হওয়ার পর থেকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। খবর পেয়ে ঢাকা থেকে একটি উদ্ধারকারী ট্রেন নিয়ে গতকাল সোমবার সকালে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করে। পরে সকাল নয়টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। বৃষ্টিতে মাটি নরম হয়ে পড়ায় রেললাইন দেবে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।