মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ
যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনে আজ বুধবার ভোররাতে মালবাহী একটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। আটকা পড়েছে অন্তত সাতটি ট্রেন।
রেলওয়ে সূত্র জানায়, চুয়াডাঙ্গার দর্শনা থেকে পাথরবোঝাই একটি মালবাহী ট্রেন আজ ভোররাত সাড়ে চারটার দিকে সিঙ্গিয়া রেলস্টেশনে আসে। লাইন পরিবর্তন (সান্টিং) করার সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্র আরও জানায়, ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস, সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস, খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস, খুলনা থেকে সৈয়দপুরগামী রূপসা এক্সপ্রেস, খুলনা থেকে বেনাপোলগামী কমিউটার, খুলনা থেকে পার্বতীপুরগামী রকেট মেইল এবং নওয়াপাড়াগামী অপর একটি মালবাহী ট্রেন আটকা পড়েছে।
সিঙ্গিয়া রেলস্টেশন মাস্টার আব্দুল ওহাব বলেন, সিঙ্গিয়া রেলস্টেশনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর যাত্রীবাহী ছয়টিসহ মোট সাতটি ট্রেন আটকা পড়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে।