মালবাহী নৌযানের আঘাতেই মুন্সিগঞ্জে লঞ্চডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালুবাহী কিংবা মালবাহী কোনো কার্গোর আঘাতে মুন্সিগঞ্জের গজারিয়ায় লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি এ তথ্য পেয়েছে।গতকাল মঙ্গলবার কমিটি তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে। কমিটি নৌ-দুর্ঘটনা রোধে রাতে মালবাহী যান না চলাসহ ১৫ দফা সুপারিশ করেছে। কমিটির প্রধান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বায়তুল আমিন ভুইয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা বেঁঁচে যাওয়া যাত্রীসহ ১৫ জনের সঙ্গে কথা বলে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছি। বালুবাহী নৌযান অথবা ছোট কোনো কার্গোর ধাক্কার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে আমাদের মনে হয়েছে। ভবিষ্যতে এ দুর্ঘটনা বন্ধে রাতে মালবাহী নৌযান না চলাচলসহ মোট ১৫টি সুপারিশ করেছি।’ তিনি বলেন, ‘লঞ্চে অতিরিক্ত যাত্রী না থাকলেও নিচের দিকে অতিরিক্ত মালামাল ছিল। ১২ মার্চ দিবাগত রাতে গজারিয়ায় মেঘনা নদীবক্ষে যাত্রীবাহী লঞ্চ এমভি শরীয়তপুর-১ ডুবে যায়। এতে দেড় শ যাত্রীর প্রাণহানি ঘটে। এরপর এই দুর্ঘটনার কারণ ও এর দায়দায়িত্ব নির্ধারণ এবং নৌ-দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করতে গত ১৩ মার্চ এই কমিটি গঠিত হয়।