মালয়েশিয়া যেতে কাউকে টাকা না দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া যাওয়ার জন্য কাউকে টাকা না দিতে বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। তিনি বলেছেন, মালয়েশিয়ায় বেসরকারিভাবে শ্রমিক পাঠানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কাজেই এখনই কেউ কাউকে টাকা দেবেন না।
ঢাকা সফররত মালয়েশিয়ার সরকারি প্রতিনিধিদলের সঙ্গে গতকাল মঙ্গলবার বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী এ কথা বলেন।
গতকাল সকালে মালয়েশিয়ার সরকারি প্রতিনিধিদল প্রথমে মন্ত্রী এবং পরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধিদলকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তফা বিন ইব্রাহিম। প্রতিনিধিদলে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার আন্ডার সেক্রেটারি শাহিল ইসলাম, জামিরি বিন মাত জায়িন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জুলকিফিল ইয়াকুব।
প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে। তবে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমাদের লোকজন কোনোভাবেই যেন প্রতারণার শিকার না হন এবং কম খরচে যেতে পারেন, সেটি আমরা নিশ্চিত করব।’ তিনি বলেন, ‘আমরা চাই না আমাদের লোকজনকে কেউ নিয়ে সেখানে ছেড়ে দিক। এরপর অতীতের মতো তাঁরা কাজ না পান। আমরা প্রশিক্ষণ দিয়ে লোক পাঠাব। যাঁরা সরকারিভাবে নিবন্ধন করেছিলেন, তাঁদের মধ্যে থেকেই মালয়েশিয়ায় লোক পাঠানো হবে। এর বাইরে আবার যাঁরা নতুন করে নিবন্ধন করবেন, তাঁরাও যাওয়ার সুযোগ পাবেন।’
মন্ত্রী বলেন, ‘প্রতিনিধিদল জানিয়েছে, আগামী তিন বছরে ১৫ লাখ শ্রমিকের চাহিদা আছে। কৃষি, কারখানা, গৃহস্থালিসহ বিভিন্ন খাতে এই কর্মী নেবে মালয়েশিয়া। এ ক্ষেত্রে সর্বনিম্ন বেতন হবে ৯০০ রিংগিত।’ অতীতের মতোই লোক নিতে ব্যবসায়ীরা যে তৎপরতা চালাচ্ছেন, এটি বন্ধ করবেন কীভাবে—এ প্রশ্নে তিনি বলেন, ‘নোবডি ক্যান বাই মি।’
বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বাজার মালয়েশিয়া। তবে ২০০৯ সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় দেশটি। কূটনৈতিক যোগাযোগের পর ২০১২ সালের ২৬ নভেম্বর দুই দেশের মধ্যে সরকারিভাবে কর্মী নেওয়ার চুক্তি হয়। এরপর সাড়ে ১৪ লাখ লোক নিবন্ধন করেন। কিন্তু দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাহিদাপত্র না পাঠানোয় গত তিন বছরে সরকারিভাবে মাত্র আট হাজার কর্মী গেছেন। অথচ একই সময়ে ছাত্র ও পর্যটক সেজে গেছেন অন্তত এক লাখ লোক। এ ছাড়া সাধারণ লোককে প্রফেশনাল বানিয়েও বিপুলসংখ্যক লোক পাঠানোর অনুমতি দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু গত মে মাসে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় গণকবর আবিষ্কার এবং এ নিয়ে সারা বিশ্বে আলোচনার পরিপ্রেক্ষিতে আবার বেসরকারিভাবে কর্মী নেওয়ার প্রস্তাব দেয় মালয়েশিয়া। বেসরকারিভাবে ১৫ লাখ কর্মী নেওয়ার ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি। তবে মালয়েশিয়ায় আদৌ লোক লাগবে কি না, তা নিয়ে বিতর্ক আছে। ইতিমধ্যে জাহিদ হামিদিই বলেছেন, বিপজ্জনক, কঠিন ও নোংরা কাজে বাংলাদেশিদের আনা হচ্ছে।