বৈধভাবে মালয়েশিয়া যেতে জনপ্রতি ৬০ হাজার টাকা খরচ পড়বে। তবে বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। এ ছাড়া সারা দেশে দক্ষ শ্রমিক গড়ে তুলতে প্রতি উপজেলায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্র চালু করার কথা বলেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম।
মন্ত্রী গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের জিইসি এলাকার একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করছে ৫০ হাজার রোহিঙ্গা। বাংলাদেশিদের জায়গা তাঁরা দখল করেছেন। সেখানে অপরাধে জড়াচ্ছেন তাঁরা। এতে বাংলাদেশের সুনামহানি হচ্ছে। কোনো রোহিঙ্গা যাতে বাংলাদেশি পাসপোর্ট না পান, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে শিগগিরই ১৮-২০ হাজার নারী শ্রমিক পাঠানো হবে। নারী শ্রমিক পাঠানোর পর পুরুষ শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। মালয়েশিয়াতেও শ্রমিক পাঠানোর ব্যাপারে সে দেশের প্রতিনিধিদলের সঙ্গে আমার আলাপ হয়েছে।’
মন্ত্রী বলেন, নানা সমস্যার কারণে বিদেশে কাজ করা শ্রমিকেরা বৈধপথে টাকা পাঠাতে আগ্রহী নন। তাই প্রবাসীকল্যাণ ব্যাংককে তফসিলি ব্যাংকে রূপান্তর করার চিন্তা চলছে। এই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে এক পয়সাও খরচ হবে না। সব খরচ প্রবাসীকল্যাণ ব্যাংক বহন করতে। এতে বৈধপথে টাকা পাঠানোর প্রবাহ বাড়বে। রিজার্ভও বাড়বে।
মন্ত্রী বলেন, ‘আমরা যদি বিভিন্ন উপজেলায় প্রশিক্ষণকেন্দ্র গড়ে তুলতে পারি, তাহলে দক্ষ শ্রমিকের অভাব হবে না। যত বেশি দক্ষ শ্রমিক বিদেশে পাঠানো যাবে, তত বেশি বৈদেশিক আয় বাড়বে। চট্টগ্রামেও আমরা মেরিটাইম কারিগরি স্কুল প্রতিষ্ঠা করব। কারণ, বিদেশে এই শ্রেণির শ্রমিকের চাহিদা রয়েছে।’
মতবিনিময় অনুষ্ঠানে চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিকেরা তাঁদের মতামত তুলে ধরেন। সাংবাদিকেরা বলেন, বিদেশে কোনো শ্রমিক মারা গেলে সরকারের ধার্য করা টাকা পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হয়। দেশে বৈধ পথে শ্রমিক যাওয়ার পথ রুদ্ধ হওয়ার কারণে অনেকে চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফ দিয়ে নৌকায় চড়ে অবৈধভাবে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ায় যাওয়ার পথ বেছে নিয়েছেন। এতে অনেকে মারা গেছেন, অনেকে বিদেশের কারাগারে বন্দী আছেন। তাই বৈধভাবে শ্রমিক যাওয়ার পথ উন্মুক্ত ও সহজ করে দিতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী নুরুল ইসলাম বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর বিদেশে মারা গেছেন এমন শ্রমিক পরিবারের সদস্যদের দুই মাসের মধ্যে যাবতীয় পাওনা পরিশোধ করার নির্দেশ দিয়েছি। কেউ যেন হয়রানির শিকার না হন, সেই নির্দেশও দেওয়া হয়েছে।’
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাবেক সাংসদ ইসহাক মিয়া, জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।